দক্ষিণ লেক তাহোই, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ক্যালিফোর্নিয়ার লেক তাহোই অবকাশ কেন্দ্রের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে মার্কিন দমকল কর্মীরা। তবে এর মধ্যেই প্রায় ২,৫০০ একর এলাকার গাছপালা আর অবকাশ কেন্দ্রের প্রায় ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১৭৩ টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে ভয়াবহ ওই দাবানলে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের প্রায় ৪০ শতাংশই এখন নিয়ন্দ্রণে নিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রচুর পর্যটক সমাগমের এ অবকাশ কেন্দ্রের দাবানল নেভাতে দিনরাত কাজ করছে প্রায় ৭০০ দমকলকর্মী। যুক্তরাষ্ট্রের বন বিভাগের মুখপাত্র যিভান্নি জোনস একথা জানান।
এদিকে, স্যাকরামেন্টোতে লেফট্যানেন্ট গভর্নর জন গারামেন্ডি এল ডোরাডো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার এখন ইউরোপ সফরে থাকায় ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
দমকলকর্মীরা এ দুজনকেই টেলিফোনে সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন। গারামেন্ডি বলেছেন, শোয়ার্জনেগার পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত এবং সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিশ্র"তিবদ্ধ।
রোববার বিকালে এ আগুনের সূত্রপাত হয়। পরে শুকনো বনাঞ্চলে দ্রুত আগুন ছড়িয়ে পরে তা দাবানলের সৃষ্টি করে। কর্তৃপক্ষের ধারণা দুর্ঘটনাবশত কিংবা ইচ্ছেকৃতভাবেও এ আগুন লাগানো হয়ে থাকতে পারে।
দাবানল ছড়িয়ে পড়ার পর প্রায় ১০০০ অধিবাসীকে ওই এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24