২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুযোগ করে দিয়েছে: বুশ- ওলমার্ট

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জোরাল সমর্থন দিয়েছেন। আব্বাসের এই নতুন সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরুর পথ প্রশস্ত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ওয়াশিংটন, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জোরাল সমর্থন দিয়েছেন। আব্বাসের এই নতুন সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরুর পথ প্রশস্ত করবে বলে তারা আশা প্রকাশ করেন। ওলমার্টের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বুশ বলেন, "আমার আশা প্রেসিডেন্ট আব্বাস এবং প্রধানমন্ত্রী সালাম ফায়েদ ফিলিস্তিনিদেরকে ভিন্ন আশা নিয়ে একটি ভিন্ন পথে পরিচালনা করার মতো শক্তিশালী অবস্থানে দাঁড়াবেন।" বৈঠকের শুরুতেই ওলমার্ট এবং বুশ প্রেসিডেন্ট আব্বাসকে সমর্থন দিয়ে বলেন, " তিনি সমস্ত ফিলিস্তিন জনগণের প্রেসিডেন্ট"। বুশের সঙ্গে সুর মিলিয়ে ওলমার্টও বলেন, আমি আব্বাসকে সহযোগিতা করতে চাই এবং মধ্যপন্থীদেরকে জোরালো সমর্থন দিতে চাই। পরে দুনেতাই একসঙ্গে বলেন, আব্বাসের জরুরি সরকার ২০০২ সালে সহাবস্থানের ভিত্তিতে দুই স্বাধীন ইসরায়েল-ফিলিস্তন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে বন্ধ হয়ে যাওয়া আলোচনা আবারও শুরুর দ্বার খুলে দিয়েছে। ওলমার্টের সঙ্গে বৈঠক শুরুর প্রাক্কালে বুশ বলেন, তিনি ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধান চান। তবে তিনি কবে নাগাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কে কিছু বলেননি। বৈঠকে দু'নেতা মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে দ্বিরাষ্ট্রিক সমাধানের লক্ষ্যে এগুনোর প্রত্যয় পুণর্ব্যক্ত করেন। ওলমার্টের সঙ্গে বৈঠকের শুরুতে বুশ বলেন, তিনি হামাস নিয়ন্ত্রিত গাজার বিপরীতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতকে শক্তিশালী করতে চান। ওলমার্টও বলেন, তিনি আব্বাসের সঙ্গে সহযোগিতা করতে এবং তার সঙ্গে সংহতি বজায় রাখতে রাজি। কারণ, আব্বাস হামাস সরকার বিলুপ্ত করে ডিক্রি জারির মাধ্যমে পশ্চিম তীরে ফাতাহ সদস্যদের নিয়ে নতুন জরুরি সরকার গঠন করেছেন। আব্বাসের এ পদক্ষেপের পর ইইউও ফিলিস্তিনে ৫ মাসের বয়কট প্রত্যাহার করে সেখানে সাহায্য সরবরাহের অঙ্গীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/এলকিউ/১৬০১ঘ.