২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে উঠে গেল কারফিউ, জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে

বাগদাদে কারফিউ তুলে নেওয়া হয়েছে। সামারার সোনা মসাজিদে জঙ্গি হামলার পর দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি করা কারফিউ চারদিন পর রোববার তুলে নেয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগদাদ, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বাগদাদে কারফিউ তুলে নেওয়া হয়েছে। সামারার সোনা মসাজিদে জঙ্গি হামলার পর দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি করা কারফিউ চারদিন পর রোববার তুলে নেয়া হল। কারফিউ উঠে যাওয়ার লোকজন ঘরের বাইরে বেরুতে শুরু করেছে। বাগদাদে এই কদিন কারফিউ জারি থাকায় এখানে জঙ্গিদের কোনো পাল্টা হামলা না হলেও ইরাকের অনেক জায়গাতেই বেশ কয়েকটি সুন্নি মসজিদ পোড়ানো কিংবা বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার কারফিউ উঠে যাওয়ার পর বাগদাদে জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। অধিবাসীরা বলছেন, রাজধানীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সোনা মসজিদে হামলার পাল্টা জবাবের ভয়ে লোকজন এখনও আতঙ্কিত। বুধবার শিয়াদের সোনা মসজিদে হামলার পর রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে সান্ধ্য আইন জারি করে কয়েক হাজার ইরাকি ও মার্কিন সেনা মোতায়েন করা হয়। এর আগে ২০০৬ সালে ওই মসজিদে প্রথমবার হামলার পর ইরাকে গোষ্ঠীদাঙ্গা ছড়িয়ে পড়ে এবং কয়েক হাজার মানুষ নিহত হন। এরপর থেকে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘিষ্ঠ সুন্নি গোষ্ঠী পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের পথে রয়েছে। বুধবারের হামলা দেশটিকে এ পথে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশঙ্কা দেখা দেয়। কিন্তু চারদিনের কারফিউয়ের পর পরিস্থিতি এখন আপাতত শান্ত রয়েছে বলেই জানিয়েছেন অধিবাসীরা। এদিকে, বিবাদমান পক্ষগুলোর মধ্যে সংহতি স্থাপনের ইরাক সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের হতাশার কথা জানাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শনিবার ইরাকি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর ইরাকের মার্কিন কমান্ডাররা সুন্নি আরবদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় পৌঁছতে প্রধানমন্ত্রী নূরী আল মালিকিকে আরও সময় দেওয়ার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা গেটসের কাছে তুলে ধরেন। গেটসের সঙ্গে ইরাকি নেতাদের বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে গেটস তার সঙ্গে সফররত সাংবাদিকদের বলেছেন, তিনি ইরাক সরকারকে এ বার্তাই দিতে চান যে, মার্কিন সেনারা রাজনৈতিক সংস্কারের জন্য মালিকিকে সময় দিতে প্রস্তুত। কিন্তু এব্যাপারে এ পর্যন্ত ইরাকের ধীর অগ্রগতিতে যুক্তরাষ্ট্র হতাশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ঘ.