জাতিসংঘ, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাকে পূর্ণ মেয়াদে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী বহাল রাখার কথা বুধবার নিশ্চিত করে জানিয়েছে। ইরাকি বাহিনী এখনও একাহাতে জঙ্গি তৎপরতা মোকাবিলায় সক্ষম নয়-- ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি একথা বলার পর জাতিসংঘ পুনরায় ওই আশ্বাস দিল।
গত বছর জাতিসংঘ ইরাকে বহুজাতিক বাহিনীর মেয়াদ
২০০৭ সাল পর্যন্ত বাড়ায়। কিন্তু পরে বছরের মাঝামাঝিতে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। জেবারি নিরাপত্তা পরিষদকে জানান, "এই বাহিনী ইরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ইরাকি বাহিনীর রসদ ফুরিয়ে গেলে তাদের হাত শক্তিশালী করতে অস্ত্রের যোগানও দরকার।"
তিনি বলেন, "আন্তর্জাতিক বাহিনী ইরাক ছাড়ার শেষ দিনটি পর্যন্ত জনগণের নিরাপত্তা বিধানে ইরাকি বাহিনীর নানা ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে।"
নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট বেলজিয়ামের জন ভারবেক এক বিবৃতিতে বলেছেন, ইরাক সরকারের অনুরোধ বিবেচনায় নিরাপত্তা পরিষদের সদস্যরা বহুজাতিক বাহিনীর মেয়াদ অব্যাহত রাখতে একমত হয়েছে।
২০টিরও বেশি দেশ বহুজাতিক বাহিনীতে রয়েছে। তবে এর মধ্যে সবচে বেশি রয়েছে মার্কিন সেনা। এদের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার। এর মধ্যে নিহত হয়েছে ৩৫০০ সেনা। বেসামরিক ইরাকি নিহতের সংখ্যা ২ হাজার।
জেবারি বলেছেন, জঙ্গি হামলার লক্ষ্য হওয়ার পরও ইরাকি সেনা ও পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বাড়ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৪ঘ.
bdnews24