২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবির শিগগিরই বন্ধ করে দেওয়া উচিৎ: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

কিউবার নৌসীমান্তে গুয়ান্তানামোয় সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের জন্য নির্মিত বন্দিশিবিরটি শিগগিরই বন্ধ করে দিয়ে সেখানকার বন্দিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা উচিৎ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 08:03 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ওয়াশিংটন, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার নৌসীমান্তে গুয়ান্তানামোয় সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের জন্য নির্মিত বন্দিশিবিরটি শিগগিরই বন্ধ করে দিয়ে সেখানকার বন্দিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা উচিৎ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। এনবিসি টিভির মিট দি প্রেস অনুষ্টানে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার পাওয়েল বলেন, বিতর্কিত এ বন্দিশিবিরটি বর্হিবিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্টে 'বড় ধরনের ভূমিকা' রাখছে এবং তা ভালোর চেয়ে মন্দ দিকই বেশি বয়ে আনছে। তিনি বলেন, "বিশ্ববাসী যুক্তরাষ্ট্রকে যেভাবে দেখে সে প্রেক্ষাপটে গুয়ান্তানামো অনেক, অনেক বড় সমস্যায় পরিণত হয়েছে... ক্ষমতা থাকলে আমি গুয়ান্তানামো কাল নয়, আজই বন্ধ করে দিতাম... তবে আমি বন্দিদের কাউকে ছেড়ে দিতাম না। আমি তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে এসে এখানকার আইনী প্রক্রিয়া অনুযায়ী বিচারের ব্যবস্থা করতাম।" "গুয়ান্তানামো বন্দিশিবির চালু রেখে এবং সেনা কমিশন স্থাপন করে আমরা যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়া নিয়ে বিশ্ববাসীর ধারণাই বদলে দিয়েছি।" "আমাদের এ বন্দিশিবিরের দরকার নেই। এটা আমাদের জন্য ভালোর চেয়ে মন্দই বেশি বয়ে আনছে।" গুয়ান্তানামোয় বর্তমানে ৩৮০ জন সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসী আটক আছে। মানবাধিকার সংগঠন এবং বিদেশি সরকারগুলো গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তাদের অভিযোগ, বিনা বিচারে বছরের পর বছর এখানে বন্দিদের আটক রাখা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ প্রসঙ্গে পাওয়েল বলেন, "আমি বরং গুয়ান্তানামো বন্ধ করে দিতে এবং সেনা কমিশন বিলুপ্ত করে যুক্তরাষ্ট্রের আইনী প্রক্রিয়া অনুযায়ী আটক বন্দিদের বিচার করতে আগ্রহী।" তিনি অভিযোগ করেন, বিশ্বের কয়েকজন নেতা গুয়ান্তানামোকে ব্যবহার করছেন তাদের নিজেদের অপকর্ম ঢাকার জন্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৩৫৩ ঘ.