জেরুজালেম, জুন ৬ (বিডিনিউজন টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সিরিয়ার সঙ্গে শিগগিরিই যুদ্ধে জড়িয়ে পড়ার জল্পনা কল্পনা দূর করার চেষ্টায় বুধবার বলেছেন, তিনি দামেস্কর সঙ্গে শান্তি বজায় রেখে চলতে চান। সেইসঙ্গে সিরিয়ার সঙ্গে বৈরি সম্পর্ক সৃষ্টি হয় এমন কোনো ভুল হিসাব-নিকাশও এড়িয়ে চলতে চান বলে জানান ওলমার্ট।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি পুনর্দখলের চেষ্টায় সিরিয়া শিগগিরিই ইহুদি রাষ্ট্রটির সঙ্গে যুদ্ধে জড়াতে পারে গণমাধ্যমে এ ধরনের কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর ওলমার্ট বিষয়টি নিয়ে নিরাপত্তা সভায় আলাপ আলোচনা করেন।
এরপরই ওলমার্টের কার্যালয় থেকে ইসুকৃত এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী সিরিয়ার সঙ্গে শান্তি বজায় রাখতেই আগ্রহী। তবে ২০০০ সালের পর সিরিয়ার সঙ্গে আলোচনা নতুন করে শুরু না করার ইসরায়েলি নীতির কোনো পরিবর্তন ঘটবে কিনা- এ ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
বিবৃতিতে ওলমার্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "ইসরায়েল সিরিয়ার সঙ্গে যুদ্ধ চায় না। নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটতে দেওয়ার জন্য আমাদের ভুলভ্রান্তি থেকে দূরে থাকাসহ আরও আনেক বেশি সতর্ক থাকা উচিত।" নিরাপত্তা মন্ত্রী ও নিরাপত্তা প্রধানদের সঙ্গে আলাপাকালে ওলমার্ট জানান, এই বার্তা বেশ কয়েকটি কূটনৈতিক চ্যানেল মারফত সিরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে ইসরায়েলি গণমাধ্যম সিরিয়া সীমান্তে সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের তোড়জোড় চলছে বলে প্রতিবেদন ছাপে। এ থেকেই সিরিয়া ইসরায়েলে হামলার জোর প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এলকিউ/২০০৯ঘ.
bdnews24