২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপগ্রহের মাধ্যমে দারফুরের ওপর নজর রাখছে অ্যামনেস্টি

উপগ্রহ থেকে প্রাপ্ত সুদানের সংঘাতপ্রবণ দারফুরের গ্রামগুলোর ছবি ইন্টারনেটে প্রচার করতে শুরু করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওই অঞ্চলে প্রবেশের অনুমতি দিতে খার্তুমকে চাপ দেওয়ার জন্য বুধবার থেকে তারা এ কার্যক্রম শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 09:08 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

নিউইয়র্ক, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উপগ্রহ থেকে প্রাপ্ত সুদানের সংঘাতপ্রবণ দারফুরের গ্রামগুলোর ছবি ইন্টারনেটে প্রচার করতে শুরু করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওই অঞ্চলে প্রবেশের অনুমতি দিতে খার্তুমকে চাপ দেওয়ার জন্য বুধবার থেকে তারা এ কার্যক্রম শুরু করেছে। 'ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আইঅনদারফুর ডট অর্গ' ওয়েবসাইটে ঢুকে যেকেউ এসব ছবি দেখতে পারবেন। এই সাইটটিতে নিয়মিতভাবে তথ্য প্রচার করা হবে। ফলে দারফুরের হুমকিগ্রস্ত ১২টি গ্রাম কী অবস্থায় আছে তা তৎক্ষণাৎ জানা যাবে। দারফুরে আর কোনো ধরনের সহিংসতা হলে বর্হিবিশ্ব যে তা সঙ্গেসঙ্গে জানতে পারবে, সুদান সরকারকে তা মনে করিয়ে দেওয়ার জন্য অ্যামনেস্টি এ পদক্ষেপ নিয়েছে। অ্যামনেস্টির যুক্তরাষ্ট্র শাখার সঙ্কট প্রতিরোধ ও মোকাবেলা কেন্দ্রের পরিচালক এরিয়েলা ব্লাটার এ প্রসঙ্গে বলেন, "আমরা চাই সুদান সরকার এসব গ্রামসহ দেশটির সবগুলো গ্রামকে রক্ষা করুক।" ইন্টারনেটে প্রচারিত ছবিগুলোর মধ্যে আছে ২০০৪ সালে তোলা কয়েকশ কুড়েসহ কয়েকটি গ্রামের একটি ছবি। দুবছর পরের ছবিতে দেখা যাচ্ছে, এরমধ্যে এক হাজার ১৭১টি কুড়ের আর কোনো অস্তিত্বই নেই, সেখানে এখন সব্জির ক্ষেত। সরকারি সেনা ও আরব জাঞ্জাবিদ গোষ্ঠীসমর্থিত বিদ্রোহীদের মধ্যে ২০০৩ সালে সংঘর্ষ শুরু হওয়ার পর এপর্যন্ত দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ মানুষ। তবে খার্তুম বলছে, মৃতের সংখ্যা নয় হাজার। সরকার ওই অঞ্চলে গণহত্যার খবরও অস্বীকার করেছে। গত বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই অঞ্চলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের (এইউ) ২৩ হাজার শান্তিরক্ষী পাঠানো সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করে। কিন্তু সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির এ সংখ্যাকে অনেক বেশি বলে দাবি করে সেখানে এইউর সাত হাজার সেনাকে সহায়তার জন্য জাতিসংঘের তিন হাজার পুলিশ ও সেনাসদস্য পাঠানো প্রশ্নে একমত হন। তবে সেখানে কে নেতৃত্ব দেবে তা নিয়ে এইউ ও জাতিসংঘের মধ্যে মতপার্থক্য থাকায় দারফুরে যৌথবাহিনী পাঠানোর চূড়ান্ত পরিকল্পনা এখনও গৃহীত হয়নি। অ্যামনেস্টি বলছে, এসব ছবিতে দুই ফুট দূরত্বের যেকোনো বস্তুতও স্পষ্টভাবে দেখা যাবে। ফলে ধ্বংসপ্রাপ্ত কুড়ে ও সেনাদের জমায়েত ও শরণার্থীদের পালিয়ে যাওয়ার দৃশ্য বোঝা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/এসআরএস/১৪২৩ ঘ.