২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিমালয়ের হিমবাহ গলনে হুমকির মুখে ১০০ কোটি মানুষ

আগামী ৫০ বছরের মধ্যে হিমালয়ের হিমবাহগুলো গলে যাওয়ার কারণে ১০০ কোটি মানুষ হুমকিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরও জানান, গত ১০০ বছরে বিশ্বের তাপমাত্রা বেড়েছে গড়ে শূন্য দশমিক ৭৪ ডিগ্রি। কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) এক সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে সোমবার একথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

কাঠমান্ডু, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী ৫০ বছরের মধ্যে হিমালয়ের হিমবাহগুলো গলে যাওয়ার কারণে ১০০ কোটি মানুষ হুমকিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরও জানান, গত ১০০ বছরে বিশ্বের তাপমাত্রা বেড়েছে গড়ে শূন্য দশমিক ৭৪ ডিগ্রি। কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) এক সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে সোমবার একথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিমালয়ের তাপমাত্রা গত ৩০ বছরে শূন্য দশমিক ৬ ডিগ্রি বেড়েছে। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক সুরেন্দ্র শ্রেষ্ঠ এ প্রসঙ্গে বলেন, "পরিস্থিতি খুবই ভয়াবহ। এ ঘটনা আমাদের জীবনাচরণ আমূল বদলে দেবে।" "তাপমাত্রা যদি এই হারে বাড়তে থাকে, তবে আগামী ৫০ বছরে হিমালয়ে আর তুষার আর বরফ থাকবে না।" এশিয়ার বড় বড় নয়টি নদীর উৎস হিমালয়ের কয়েক হাজার হিমবাহ। সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা জানান, পাকিস্তান ও মিয়ানমার এবং ভারত ও চীনের কয়েকটি অংশ দিয়ে প্রবাহিত এসব নদীর অববাহিকায় ১৩০ কোটি মানুষের বাস। আইসিআইএমওডির মহাপরিচালক আন্দ্রেস সিল্ড জানান, হিমবাহ না থাকলে হিমালয় পর্বতমালার প্রাকৃতিকভাবে জল ধারণ ক্ষমতা কমে আসবে। "এর অর্থ হলো, জলের অনিশ্চিত প্রবাহ দেখা দেবে।" শুধু তাই নয়, হিমবাহ গলনের কারণে ওই অঞ্চলের জীববৈচিত্র, জলবিদ্যুৎ প্রকল্প, শিল্প ও কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে এ অঞ্চলে বসবাস করা দুরূহ হয়ে পড়বে। প্রতিনিধিরা আরও জানান, হিমবাহ গলে গেলে এর জায়গায় জলাধারের সৃষ্টি হবে এবং তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকলে এগুলো উপচে পড়বে। এর ফলে ভাটি এলাকায় ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হবে। এ প্রসঙ্গে সুরেন্দ্র শ্রেষ্ঠ বলেন, "ছোটখাটো ভূমিকম্প হলেই জলের স্রোত নিচের দিকে নেমে আসবে। উচ্চতার কারণে তীব্র স্রোতের সঙ্গে নিয়ে আসবে আবর্জনা। এর প্রকৃতি হবে সবকিছু উপড়ে ফেলতে সক্ষম বড় আকারের বুলডোজারের মতো।" "এটা হবে নিরবে আসা সুনামির মতো।" তথ্যমতে নেপালে হিমবাহের সংখ্যা তিন হাজার ২০০। এরমধ্যে ১৪টি জলাধার বিস্ফোরোন্মুুখ অবস্থায় আছে। নেপাল সরকারের এক পানি বিশেষজ্ঞ ওম বজ্রাচার্যের মতে, এভারেস্ট অঞ্চলের কুম্ভু হিমবাহ ১৯৭৮ থেকে ১৯৯৫ সালের মধ্যে ৩০ মিটার গলে গেছে। এ অঞ্চলটি পর্বতারোহীদের কাছে খুবই জনপ্রিয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৯৫১ ঘ.