২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক প্রধান পদে সমর্থন আদায়ে বিশ্ব সফরে জেলিক

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনয়ন পাওয়া নতুন বিশ্বব্যাংক প্রধান রবার্ট জেলিক এ পদে সমর্থন আদায়ের চেষ্টায় আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকা সফরের পরিকল্পনা করেছেন। সোমবার কাজের শুরুতেই এ সফরে বেরোচ্ছেন তিনি। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে তাদের উন্নয়ন কর্মসূচির অগ্রধিকারের বিষয়গুলো সরাসরি শুনতে চান জেলিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ওয়াশিংটন, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনয়ন পাওয়া নতুন বিশ্বব্যাংক প্রধান রবার্ট জেলিক এ পদে সমর্থন আদায়ের চেষ্টায় আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকা সফরের পরিকল্পনা করেছেন। সোমবার কাজের শুরুতেই এ সফরে বেরোচ্ছেন তিনি। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে তাদের উন্নয়ন কর্মসূচির অগ্রধিকারের বিষয়গুলো সরাসরি শুনতে চান জেলিক। সফরের প্রথমেই আফ্রিকার ঘানায় রওনা দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের জেলিক বলেন, "আমি যে সবার কথা শুনে এবং সবার দৃষ্টিকোণ বিবেচনা করেই কাজ করে যাওয়ায় আন্তরিক তা প্রমাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।" তিনি বলেন, "এর মধ্য দিয়েই সৌজন্যবোধ এবং শ্রদ্ধা প্রকাশ পাবে।" ঘানা, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরকালে জেলিক বিশ্বব্যাংকের দরিদ্র মক্কেলদের চাহিদা ও প্রয়োজন নিয়ে আলোচনা করবেন। ইউরোপে তিনি বৈঠক করবেন বিশ্বব্যাংকের বৃহত্তম দাতাদের সঙ্গে। আর উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ হিসাবে মেক্সিকো এবং ব্রাজিল সফরে যাবেন জেলিক। তিনি এই সফরকে 'শোনা এবং শেখার' সফর বলে উল্লেখ করেন। তার কাজ কি হবে এনিয়ে জেলিক ইতোমধ্যেই অনেকের সঙ্গে কথা বলেছেন বলে জানান। জেলিক জানান, এ নিয়ে মার্কিন আইনপ্রণেতারাসহ ব্যাংকের সাবেক কয়েকজন কর্মকর্তা এবং ব্যাংকের ২৪ টি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে তার কথা হয়েছে। জেলিক বলেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর কাছে পৌঁছতে চান এবং তাদের অগ্রাধিকারের বিষয়গুলো জানতে চান। জানতে চান তাদের উন্নয়ন কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা, বিশ্বব্যাংকে নিয়ে তাদের জিজ্ঞাস্য বিষয়গুলো। সেইসঙ্গে তার প্রতি তাদের সমর্থনও আশা করেন জেলিক। উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য আলোচনায় ভূমিকার জন্য জেলিক প্রশংসনীয়। সেইসঙ্গে দারফুরে মানবিক সঙ্কট এবং চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জেলিক ওয়াশিংটনের প্রিয়পাত্র। পল উলফোভিৎসের উত্তরসূরী হিসাবে এ পর্যন্ত জেলিকই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী। ১৫ জুনের মধ্যে এ পদে অন্যদের মনোনয়নের সুযোগ থাকলেও এবং এ পদে লোক বাছাই প্রক্রিয়ায় অ-মার্কিনীদের অন্তর্ভূক্ত করার জন্য উন্নয়নশীল দেশগুলোর চাপ থাকলেও জেলিক তেমন কোনো প্রতিযোগিতায় পড়বেন না বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৪ঘ.