টোকিও, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/রয়টার্স) - মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান কেন্টাকি ফ্রাইড চিকেন এর জাপান শাখা তাদের বিক্রি করা খাবারে কাঁচের টুকরা পাওয়ার কথা স্বীকার করেছে।
এক বিবৃতিতে শুক্রবার তারা জানিয়েছে, কাঁচের টুকরোগুলো এসেছিল একটি সবজির চালানের সঙ্গে। সেখানকার রেফ্রিজারেটরে রাখা থার্মোমিটারের ভাঙা টুকরো ছিল ওই সবজির মধ্যে। পরে সালাদ তৈরি করার জন্য গাজর ছোট ছোট টুকরো করার সময় কাঁচের টুকরো এর সঙ্গে মিশে যায়।
প্রতিষ্ঠানটির মুখপাত্র এ বিষয়ে দুজন ক্রেতার অভিযোগের কথা জানান। তারা দুজনেই খাওয়ার সময় কাঁচের টুকরো পাওয়ার কথা বলেছেন। এদের একজন অভিযোগ করেছেন, কাঁচের টুকরোয় কামড় লেগে তার দাঁত ভেঙে গেছে। আরেকজন জানিয়েছেন, তিনি খাবারে কাঁচের অস্তিত্ব অনুভব করেছিলেন।
এ ঘটনার পর কেন্টাকি ফ্রাইড চিকেনের জাপান শাখা পুরো দেশে তাদের খাদ্যতালিকা থেকে গাজরকুচি মেশানো খাবারগুলো সরিয়ে ফেলেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এফডাব্লিউসি/এসআরএস/১৪১০ ঘ.
bdnews24