মুম্বাই, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াসহ পাঁচ জনকে ৫ থেকে ১০ বছরের জেল দিয়েছে আদালত। এ নিয়ে ওই হামলার ঘটনায় সাজাপ্রাপ্তদের সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।
হামলার পরিকল্পনা করা, অবৈধ অস্ত্র রাখা এবং বিষ্ফোরক বহনের অপরাধ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার সাতজনকে ওই দণ্ড দিল আদালত।
এর আগে বুধবার ৮৩ বছরের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। হামলা পরিকল্পনায় সহায়তা করায় দাউদ ফানসে নামের ওই বৃদ্ধকে এই সাজা দেয় আদালত। এছাড়াও বুধবার আরও ছয়জনের ৫ থেকে ১০ বছরের জেল হয়েছে।
দাউদ ফানসের স্বীকারোক্তি থেকে বোমা হামলায় দাউদ ইব্রাহিমের জড়িত থাকার কথাও জানা গেছে। মুম্বাইয়ে এ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়।
পুলিশ বলছে, ভারতের সবচেয়ে কুখ্যাত দাগী আসামী ও সন্দেহভাজন আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। ১৯৯২ সালে অযোধ্যায় ১৬ শতকের বাবরি মসজিদের স্থানে উগ্র হিন্দুদের রাম মন্দির নির্মাণের প্রতিশোধ নিতে তিনি এ হামলার নিদের্শ দেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার ঘুষ নেওয়াসহ অস্ত্র পরিবহণে সহায়তা করার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় চার শুল্ক কর্মকর্তাকে।
বিস্ফোরক আছে জেনেও একটি বিস্ফোরক ভর্তি গাড়ী ছেড়ে দেওয়ার অপরাধে একজনকে যাবজ্জীবন কারদণ্ড দেয় আদালত। বাকীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মুম্বাই হামলা নিয়ে গঠিত একটি বিশেষ আদালত গত সপ্তাহ থেকে অভিযুক্ত ১০০ জনের বিরুদ্ধে রায় দিতে শুরু করে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন যার যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা হয়েছে। তার বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ নিয়ে ঘটনাস্থলে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মুম্বাই হামলা সংক্রান্ত বিচার প্রক্রিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ার একটি। এটি আরও কয়েক সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/১৬৪৫ঘ.
bdnews24