২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র

ইরাকের সহিংসতা-বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ে প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইরান ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে-যুক্তরাষ্ট্রের এই অভিযোগের মাঝেই সোমবার এ বৈঠক বসল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

যুক্তরাষ্ট্র ইরাকে আটক করা রকেট, মর্টার এবং রাস্তার ধারে পাতার শক্তিশালী বোমা ইরানের তৈরি বলে অভিযোগ করলেও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য-পর্যায়ের কর্মকর্তারা এর আগেও মাঝে মাঝে বৈঠক করেছেন। কিন্তু এবারের বৈঠকটি ১৯৮০র দশকের পর দুপক্ষে প্রথম দীর্ঘপ্রতিক্ষীত দ্বিপক্ষীয় বৈঠক। ১৯৮০ সালে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তারা অবশ্য সোমবারের বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আশা করছেন না। কারণ, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা।

উপরন্তু সম্প্রতি ইরান উপকূলে মার্কিন নৌ-মহড়া এবং ইরানে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কয়েকটি গোপন গোয়েন্দা নেটওয়ার্কের সন্ধান পাওয়ার তেহরানের অভিযোগ নিয়েও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বৈঠকে কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি তুলবেন না বলেই জানানো হয়েছে। কেবল ইরাক নিয়েই তারা আলোচনা করবেন। ইরাক আলোচনায় প্রাধান্য পাবে শিয়া ও সুন্নিদের মধ্যকার দাঙ্গা-সহিংসতার বিষয়টি। এই দাঙ্গা বেড়ে ইরাকে পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরুর হুমকি সৃষ্টি হয়েছে।

সোমবার মার্কিন রাস্ট্রদূত রায়ান ক্রোকার এবং ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি-কোমি গ্রীণজোনে ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির বাসভবনে সাক্ষাৎ করেন। টেবিলে আলোচনায় বসার আগে করমর্দন করেন দুজনই। শুরুতে মালিকিও বৈঠকে উপস্থিত ছিলেন।

ইরান ও মার্কিন কর্মকর্তাদের তিনি বলেন, ইরাক প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে দেওয়ার জন্য ইরাকের ভূমি ব্যবহার করতে দেবে না। এর মধ্য দিয়ে তিনি ইরাকে ইরানি হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আশঙ্কা দূর করার চেষ্টা নেন।

মালিকি আরও বলেন, ইরাকের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ শেষ না হওয়াপর্যন্ত মার্কিন সেনারা ইরাকে থাকবে। কিন্তু ইরান বরাবরই ইরাক থেকে মার্কিন সেনা সরানোর আহ্বান জানিয়ে আসছে। মালিকি বলেন, ইরাকিরা আঞ্চলিক হস্তক্ষেপ মুক্ত দেশ চায়।

আশা প্রকাশ করে মালিকি বলেন, “বৈঠকে যেকোনো অগ্রগতিই দুদেশের মধ্যে আস্থা বাড়াবে এবং ব্যবধান কমে আসবে এবং দুপক্ষের জন্যই একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে। যা থেকে দু’ দেশ অন্যান্য ইসুতেও চুক্তিবদ্ধ হওয়ার পথে এগিয়ে যাবে।”

তবে ক্রোকার বলেন, তিনি বৈঠক থেকে বিস্ময়কর কোনো অগ্রগতি আশা করছেন না। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ইরানকে ইরাকে সহিংসতা কমানোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেবেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বলেছেন, তিনি ইরাকে দখলদ্বার বাহিনীর নীতি সঠিক পথে পরিচালনার মাধ্যমে ইরাকি জাতিকে সাহায্য করাটাই বৈঠকের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন।