পেন্টাগনের সামরিক প্রতিবেদন অতিরঞ্জিত ও অপমানজনক : চীনা মিডিয়া
বেইজিংয়ের সামরিক পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রতিবেদনকে অতিরঞ্জিত ও অপমানজনক বলে অভিহিত করেছে চীনা মিডিয়া। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় চীন এখন শুধু তাইওয়ানের দিকেই নজর রাখছে না বরং তার সামরিক সক্ষমতাকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত বিস্তৃত করছে এবং মানবাধিকার লংঘনকারী ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত দেশগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ক জোরদার করছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া ও ইংরেজী দৈনিক পিপলস ডেইলি এসব মন্তব্যের তীব্র নিন্দা জানালেও এ প্রতিবেদন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে চীনের সামরিক সক্ষমতা সম্পর্কে পেন্টাগনের এ বার্ষিক প্রতিবেদনে বলা হয়, “ চীনের সমরাস্ত্র পরিকল্পনা এবং কৌশলগত চিন্তা ভাবনা থেকেই একথা বোঝা যায় যে অন্যান্য অঞ্চল কিংবা সম্পদের সংঘাত মোকাবেলার জন্য সক্ষমতা বাড়াচ্ছে দেশটি।”
প্রতিবেদনে বলা হয়, “ চীনের নতুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও বিমান বহরের অগ্রগতি এখন এ পর্যায়ে যে তা কেবল তাইওয়ান প্রণালীর জন্য নয় বরং দক্ষিণ চীন সাগর পর্যন্ত যে কোনো সংকটে কাজে লাগাতে পারবে তারা।”
পেন্টাগনের প্রতিবেদন সম্পর্কে সিনহুয়া ও পিপলস ডেইলি লিখেছে , “ চীনের নিরাপত্তা এবং সামরিক কৌশল ও সক্ষমতা নিয়ে আগের প্রতিবেদনগুলোর মতোই আপত্তিকর মন্তব্য করা হয়েছে পেন্টাগনের এ প্রতিবেদনেও।”
পিপলস ডেইলি লিখেছে, “আরও অপমানজনকভাবে এ প্রতিবেদনে বলা হয়েছে যে জ্বালানি চাহিদার বিবেচনার বাইরেও মানবাধিকার লংঘনকারী, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত এবং পরমাণু অস্ত্র বিস্তারে কাজ করছে এমন সব দেশের সঙ্গে চীন সম্পর্ক জোরদার করছে।”
পেন্টাগনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে চীনা মিডিয়া বলেছে, “ প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তা হুমকি মোকাবেলার প্রশ্নে জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামরিক ও যুদ্ধ সক্ষমতা থেকে এখনও বহু দূরে রয়েছে চীন।”
তাদের দাবি, “ উন্নত দেশগুলোর সঙ্গে চীনের সামরিক ব্যবধান এখনও কমে আসছে না বরং তা আরও বাড়ছে।”
মার্চ মাসে চীন জানিয়েছিল যে আগের চেয়ে প্রায় ১৭.৮ শতাংশ সামরিক ব্যয় বাড়াবে দেশটি। অর্থাৎ ২০০৭ সালে এ ব্যয় প্রায় সাড়ে চার হাজার কোটি ডলার হওয়া কথা। কিন্তু মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ২০০৭ সালে চীনের সামরিক ব্যায়ের পরিমাণ প্রায় সাড়ে আট হাজার থেকে সাড়ে বারো হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে।
