পরমাণু অস্ত্র অর্জনে ইরানের ৩ - ৮ বছর লাগবে: এলবারাদি
পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের ৩ থেকে ৮ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এলবারাদি। লুক্সেমবার্গে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি বলেন, “ইরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিলে তারা ওই সময়ের মধ্যেই তা অর্জন করতে পারে।”
বারাদি আরও বলেন, “আমাদের বিচার-বিশ্লেষণের ভিত্তিতে আমি জন নেগ্রোপন্টে এবং সিআইএর নতুন পরিচালকের সঙ্গে একমত যে, ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইলেও তা এ দশক শেষের আগে কিংবা আগামী দশকের মাঝামাঝি সময়ের আগে হবে না। অর্থাৎ, এ সময়টি হতে পারে এখন থেকে ৩ বা ৮ বছর।”
উল্লেখ্য, এর কয়েক মাস আগেই বারাদি বলেছিলেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিলে তারা ৪ থেকে ৮ বছরের আগে তা অর্জন করতে পারবে না।
পরমাণু অস্ত্র বিপর্যয় এড়ানোর বিষয়টি নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগদানকালে বারাদি বলেন, ইরানকে বাণিজ্যিক ভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত রাখা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করাটাকেই তিনি সর্বচ্চো অগ্রাধিকার দেবেন।
ইরান অবশ্য বরাবরই পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্খার কথা অস্বীকার করে আসছে। তারা বলেছে, বিদ্যুৎ উৎপাদনের মতো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পরমাণু কর্মসূচি চালাচ্ছে।
কিন্তু জাতিসংঘকে উপেক্ষা করে এই কর্মসূচির পরিধি বাড়িয়ে ইরান সংঘাতের পথেই আগাচ্ছে বলে এলবারাদি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “ইরানকে বাণিজ্যিক ভিত্তিতে ইউরেনিয়াম উৎপাদন করতে দেওয়া যাবে না- এদিকেই আমার সর্বাগ্রে নজর দেয়া উচিত।”
ইরানের পরমাণু স্থাপনায় নিবিড় পরিদর্শনে অপারগ হওয়ার কারণে তাদের এই কর্মসূচি সম্পর্কে আইএইএ’র ধারণা কমে আসছে বলেও বারাদি মন্তব্য করেন। তবে বারাদি এও বলেন, আইএইএ ইরানের পরমাণূ অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়ার কোনো প্রমাণ এখনও পায়নি।
