ভারতে সড়ক নির্মাণ প্রকল্প দুর্নীতিতে ছেয়ে গেছে: মনমোহন
ভারতে সড়ক নির্মাণ প্রকল্পগুলো ক্যান্সারের মতোই দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, নিুমানের রাস্তাঘাটের অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি এবং রাস্তার মান নিশ্চিতকরণে গাফিলতি। পল্লী এলাকায় সড়ক নির্মাণ ব্যয় নাটকীয়ভাবে বাড়ানোর অঙ্গীকার করে বুধবার মনমোহন একথা বলেন।
এক সম্মেলনে মনমোহন বলেন, “২০০৯ সাল নাগাদ চার বছরের একটি প্রজেক্টে ৬৬ হাজার গ্রামের সংযোগ সড়ক নির্মাণের জন্য ৪৮০ বিলিয়ন রুপী ব্যয় করা হবে। তিনি আরও বলেন, গ্রামগুলোর মধ্যে সংযোগ সড়ক নির্মাণ আমাদের সামগ্রিক পল্লী উন্নয়ন পরিকল্পনার খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” পল্লী সড়ক উন্নয়ন নেটওয়ার্কের জন্য চলতি অর্থবছরে মনমোহন ৫২ বিলিয়ন রুপী ব্যয়ের অঙ্গীকার করেছেন। তবে তিনি বলেন, “দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।” নিুমানের রাস্তাঘাটের জন্য দুর্নীতিকে দায়ী করে তিনি বলেন, “ভারতের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সড়ক উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে।”
পল্লী অঞ্চলে প্রস্তাবিত সড়ক নির্মাণ ব্যয় উল্লেখ করে মনমোহন বলেন, এর ফলে ভারতে কৃষকদের পরিবহন খরচ কমবে, নানা ধরনের পণ্য বাজারে আসবে এবং ভিন্ন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
মনমোহনের শাসনামলে ভারতে বার্ষিক প্রবৃদ্ধির হার ৮ ও ৯ শতাংশের মধ্য রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, তার সরকার অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাখাতে বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে।
