বিনা শর্তেই ইরাক যুদ্ধব্যয় তহবিল পেলেন বুশ
কংগ্রেসে ডেমোক্রেটদের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত বিনাশর্তেই ইরাক যুদ্ধব্যয় তহবিল জিতলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ডেমোক্রেটরা মঙ্গলবার ইরাক-আফগান যুদ্ধব্যয় বিলে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়ার শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা ছেড়ে দিলে বুশ অনায়েসেই প্রায় ১০ হাজার কোটি ডলারের তহবিল পেয়ে যান। তবে ডেমোক্রেটরা আপাতত সেনা প্রত্যাহারের দাবি ছাড়লেও জুলাইয়ে আবার এ নিয়ে বুশকে চাপ দেওয়ার অঙ্গীকার করেছেন।
সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়ার পরিবর্তে ডেমোক্রেট নেতৃত্বাধীন কংগ্রেস এবং রিপাবলিকান হোয়াইট হাউস দুপক্ষই এ মুহূর্তে ইরাক পরিস্থিতির উন্নতির জন্য বাগদাদকে শর্ত দিতে একমত হয়েছে।
ইরাক পরিস্থিতির উন্নতি করতে না পারলে বাগদাদ সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল পাবে না--- এ শর্তারোপ করতে প্রথমবারের মতো সমঝোতায় পৌঁছেছে কংগ্রেস ও হোয়াইট হাউস। এ সমঝোতার ভিত্তিতেই ডেমোক্রেটরা আপাতত বুশকে সেনা প্রত্যাহারের চাপ থেকে রেহাই দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
তবে হাউস এপ্রোপ্রিয়েশন কমিটি চেয়ারম্যান উইসকনসিনের ডেভিড ওবে বলেছেন, “ডেমোক্রেটরা আরেকটি বিলে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে লড়বে। এর মানে হচ্ছে, আমরা ইরাক যুদ্ধ নিয়ে বিতর্কটাকে এখনকার জরুরি তহবিলের সঙ্গে না রেখে বরং ২০০৮ সালের অর্থবছরের তহবিল বিলে নিয়ে যাব। এই বিল নিয়ে কংগ্রেসে লড়াই শুরু হবে জুলাইয়ে।”
এর আগে কংগ্রেসে আনা ইরাক-আফগান যুদ্ধব্যয় বিলে ডেমোক্রেটরা ইরাক থেকে সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিলে বুশ তাতে ভেটো দেন। পরে ডেমোক্রেটরা আবারও বিলে ওই শর্ত বেঁধে দেয়ার চেষ্টা নিলে বুশ তাতেও ভেটো দেয়ার হুমকি দেন।
বুশ স্পষ্টই বলে দেন, তিনি শর্তসাপেক্ষ কোনো বিলে স্বাক্ষর করবেন না। এখন ওই শর্ত আপাতত বাদ দিয়ে ডেমোক্রেটরা রাজনৈতিক বাস্তবতাকেই স্বীকার করে নিলেন।
কংগ্রেস এ সপ্তাহ শেষেই ইরাক ও আফগানিস্তানের জন্য ১০ হাজার কোটি ডলারের যুদ্ধব্যয় হস্তান্তর করতে চায়। এই তহবিলের সঙ্গে দেশের অভ্যন্তরীন ব্যয়বাবদও কিছু তহবিল দেবে ডেমোক্রেটরা। এই অর্থ ব্যয় হবে প্রবীনদের স্বাস্থ্যসেবা খাতসহ দরিদ্র শিশুদের স্বাস্থ্যসেবা খাত এবং হারিকেন বিধ্বস্ত রাজ্য পুনর্গঠনে।
বিলটি নিয়ে হোয়াইট হাউস এবং কংগ্রেসের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে।
