২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সংঘর্ষ চলছেই, দুদিনে নিহত ৬৫

লেবাননের উত্তরাঞ্চলে নাহর আল বারেদ ফিলিস্তিনি শরণার্থী শিবিরকে ঘিরে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের সঙ্গে লেবাননী সেনাদের রোববার শুরু হওয়া সংঘর্ষ দ্বিতীয় দিনও অব্যাহত রয়েছে। সোমবার সেনাদের ট্যাংকের গোলার আঘাতে প্রাণ হারান শরণার্থী শিবিরের আট বেসামরিক নাগরিক। আহত হন কমপক্ষে আরও ২০ জন। এ নিয়ে দুদিনের সংঘর্ষে সেনাসদস্যসহ কমপক্ষে ৬৫ ব্যক্তি নিহত হলেন। আহত হয়েছেন দেড়শরও বেশি। হাজার হাজার নারী পুরুষ ও শিশু শিবিরটিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আশির দশকের গৃহযুদ্ধের পর লেবাননের সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সংঘর্ষ হিসেবে একে বিবেচনা করা হচ্ছে। রোববারের সংঘর্ষে কমপক্ষে ২৭ জন সেনা, ১৫ জন জঙ্গি এবং ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হন।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, শরণার্থী শিবিরের চারপাশে নিরাপত্তা জোরদার করেছেন তারা। একইসঙ্গে শিবিরের প্রবেশ পথের কাছে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করছে সেনারা। জবাবে সেনা অবস্থানে গ্রেনেড ছুড়ে মারছে এবং বিভিন্ন সেনা চৌকি লক্ষ্য করে মেশিনগানের গুলি ছুড়ছে ফাতাহ আল - ইসলাম সদস্যরা।

এদিকে লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল সোমবার। জঙ্গিদের সঙ্গে রাস্তাঘাটে আগেরদিনের সংঘর্ষের জের ধরে সোমবারও থমথমে অবস্থা বিরাজ করছিল সেখানে। এছাড়া আইন আল - হিলবাহ ও দক্ষিণাঞ্চলের সিডন শহরে বিক্ষোভ হয়েছে নাহর আল বারেদে সংঘর্ষের প্রতিবাদে। 

আটত্রিশ বছর আগের এক চুক্তির কারণে লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে লেবাননী সেনাবাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৬৯ সালের আরব চুক্তি অনুসারে লেবাননের ১২টি শরণার্থী শিবিরে সেনা প্রবেশের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের বিশেষ ট্রাইবুনাল গঠনের কাজে বিঘœ সৃষ্টি করতে নতুন করে এ অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের সরকার এজন্য সিরিয়া এবং তাদের অনুগত ফাতাহ আল ইসলাম গ্র“পকে দায়ি করছে।

সিরিয়াপন্থী ফাতাহ গ্র“প ভেঙে গিয়ে গত বছর ফাতাহ আল - ইসলাম গ্র“পটি আত্মপ্রকাশ করে। গ্র“পটিকে লেবাননের সিরীয় গোয়েন্দা শাখার সঙ্গে সম্পর্কযুক্ত বলে অভিযোগ করেছে লেবানন কর্তৃপক্ষ। কিন্তু সিরিয়া কিংবা জঙ্গি গ্র“পটির কেউই বিষয়টি স্বীকার করেননি।