আফগানিস্তানে তালেবানদের হামলায় বিদেশি সেনাসহ নিহত ৯
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় জার্মানির তিন সেনা ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
জালালাবাদের কাছে শিনবার জেলায় অপর এক বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। (আরও তথ্যসহ)
কুন্দুজ শহরের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল নুর মোহাম্মদ জানান, শহরে টহল দেওয়ার সময় সেনারা ওই হামলার শিকার হন। এতে জার্মানির তিন সেনা এবং চারজন বেসামরিক আফগান নিহত হন।
অপর এক কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে জার্মানির আরও দুই সেনাসহ মোট ১৪ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রাস্তায় টহলরত জার্মানির সেনাদের সঙ্গে একটি গাড়ি ছিল। কিন্তু ওই তিন সেনা ব্যস্ত সড়কে পায়ে হেঁটে টহল দেওয়ার সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।
আজিজ নামের এক দোকানি জানান, হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পাই আমরা। ভয় পেয়ে বাইরে এসে দেখি ভারী কালো ধোঁয়ায় রাস্তা ভরে গেছে।
একইদিনে জালালাবাদের কাছে শিনবার জেলায় দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে স্থানীয় পুলিশপ্রধানসহ আরেক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এক প্রাদেশিক কর্মকর্তা একথা জানান।
কুন্দুজে বিদেশী সেনাদের ওপর এ আত্মঘাতী হামলার জন্য তালেবানদের দায়ি করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা।
এদিকে, তালেবানদের পক্ষ থেকে কুন্দুজের ঘটনার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছেন এক তালেবান কমান্ডার।
মোল্লা হায়াতুল্লাহ খান রয়টার্সকে বলেন,“ আমাদের মুজাহিদরা জার্মানির সেনাদের ওপর হামলা চালায় এবং কমপক্ষে ১০ জন সেনাকে হত্যা করে। বিদেশী সেনাদের ওপর এটি খুবই সফল একটি হামলা ছিল এবং এতে বহু জার্মান সেনা আহত হয়।”
