হায়দ্রাবাদে মসজিদে বোমা হামলায় পাঁচজন নিহত
ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদের একটি ঐতিহাসিক মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। মক্কা মসজিদ নামে পরিচিত হায়দ্রাবাদের বিখ্যাত এ মসজিদটিতে এ বিষ্ফোরণে আহত হন আরও ৩৫জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমার নামাজ শেষের পরপরই মানুষজন মসজিদ থেকে বেরিয়ে আসার সময় মসজিদ চত্বরে এ হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কখন এবং কিভাবে এ হামলা চালানো হয়েছে সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মসজিদ চত্বরে আরও দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ।
স্থানীয় টিভি চ্যানেলগুলোতে বোমা হামলার পরপরই মসজিদ থেকে মানুষজনের ছোটাছুটি করে বেরিয়ে আসার দৃশ্য দেখানো হয়। মসজিদ চত্বর থেকে গুরুতর আহত অবস্থায় অনেককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে হায়দ্রাবাদের এমপি আসাউদ্দিন ওবাইসি বলেন, “আর পাঁচ ছয় মিনিট আগে বিস্ফোরণটি ঘটলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা ছিল। কারণ, শুক্রবার জুমার নামাজে এখানে প্রায় সাত আট হাজার মানুষ নামাজ পড়তে আসায় মসজিদে অনেক ভীড় থাকে।”
বিস্ফোরণের পর বিক্ষুব্ধ মানুষদের কেউ কেউ রাস্তায় নেমে আসেন এবং যানবাহন ও দোকানপাটে ইট পাটকেল ছুঁড়ে মারেন এবং শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভ বাড়তে শুরু করলে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
মুসলিম অধ্যুষিত হায়দ্রাবাদে অনেক ঐতিহাসিক মসজিদ আছে। মক্কা মসজিদ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত।
গত বছর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মসজিদে বোমা হামলায় ৩২ জন প্রাণ হারান।
