পরমাণু ইস্যুতে ইরানের আরও সম্পত্তি জব্দ করছে জাপান
ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধে চাপ প্রয়োগের লক্ষ্যে দেশটির আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। জাতিসংঘ নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটিকে কোনঠাসা করতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে জাপান সরকার।
ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই জব্দ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তির সঙ্গে নিরাপত্তা পরিষদের চিহ্নিত আরও ১৫ জন ইরানি ব্যক্তি ও ১৩টি প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করার কথা জানান জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়াসুহিসা শিয়োজাকি।
এক সংবাদ সম্মেলনে শুক্রবার শিয়োজাকি বলেন, “পরমাণু অস্ত্র বিস্তাররোধ কাঠামো বজায় রাখতে আরও কঠিন ব্যবস্থা নেওয়া দরকার আমাদের। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও এটি গুরুত্বপূর্ণ।”
শিয়োজাকি আরও জানান, শুধুমাত্র মানবিক সাহায্য ও উন্নয়ন সম্পর্কিত সাহায্য ছাড়া ইরানকে দেওয়া সবরকম সাহায্য ও নগদ ঋণ বরাদ্দ বাতিল করবে জাপান।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য দেশটির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুদফা নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পরমাণু সক্ষমতা অর্জনে নিজের অবস্থান থেকে একটুও সরেনি ইরান। ইতিমধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ১,৬০০ সেন্ট্রিফিউজ স্থাপনে সফল হয়েছে বলেও জানিয়েছে দেশটি। অচিরেই ৩,০০০,সেনিট্রফিউজ স্থাপন করে বড় পরিসরে পরমাণু সমৃদ্ধকরণ শুরু করতে চাচ্ছে তারা। তবে পশ্চিমারা বোমা বানানোর আশঙ্কা করলেও ইরান বলছে, কেবলমাত্র জ্বালানি উৎপাদনের জন্যই কাজ করছে তারা।
এদিকে, প্রাকৃতিক সম্পদহীন উচ্চ জ্বালানি চাহিদার দেশ জাপান তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজের সম্পর্কের কারণে ইরান ইস্যুতে অসুবিধাজনক অবস্থানে রয়েছে।
তবে নিরাপত্তা ইস্যুতে নিজের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেই শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধছে জাপান। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, তেলের ওপর নির্ভরতা থাকলেও তেহরানের পরমাণু বোমা থাকার বিষয়টি মেনে নেবে না জাপান।
