তামিল টাইগারবাহী নৌযান ডুবিয়ে দেয়ার দাবি মালদ্বীপের
সমুদ্র উপকূলে সন্দেহভাজন তামিল টাইগারবাহী একটি নৌযান ডুবিয়ে দেয়ার দাবি করেছে মালদ্বীপ। মালদ্বীপ সরকার জানায়, সমুদ্রের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় বৃহস্পতিবার ১২ ঘন্টার অচলবস্থার পর উপকূলীয় গার্ডরা তামিল টাইগারবাহী সন্দেহে নৌযানটি গুলি করে ডুবিয়ে দেয়।
মালদ্বীপের রাজধানী মালে থেকে রয়টার্সকে টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শাহীন বলেন, “আমরা নৌযানটি ডুবিয়ে দয়েছি এবং ৫ জনকে আটক করেছি।”
তবে মালদ্বীপের উপকূলীয় গার্ডরা নৌযান লক্ষ্য করে গুলি ছোঁড়ার আগেই আত্মসমর্পণ করে ওই নৌযানের এক ব্যক্তি। সে তামিল নয় বরং ভারতীয় মালয়লাম ভাষায় কথা বলছিল। কর্মকর্তারা এই ব্যক্তির সঙ্গে তামিলদের যোগসাজসের বিষয়টি খতিয়ে দেখছেন।
মালদ্বীপ সরকারের মুখপাত্র মোহাম্মদ শরীফ বলেছেন, “আটককৃতদের একজন জানিয়েছে, তার মাছ ধরা ট্রলারে ৪ জন তামিল টাইগার উঠে এতে বন্দুক ও মর্টার বোমা রাখে। এর আগে উপকূলীয় গার্ডরা প্রাথমিকভাবে জানায়, ওই ব্যক্তি নিজেকে তামিল টাইগার পরিচয় দিয়েছে।”
শরীফ আরও জানান, “পরে একই ব্যক্তি অপর চার জন তামিল টাইগারের কথা বলায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আটককৃত এই ব্যক্তি মালয়লাম ভাষায় কথা বলায় তার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।”
শ্রীলঙ্কা সেনাবাহিনী সম্প্রতি কয়েকমাসে পক-প্রণালীতে অস্ত্র চোরাচালানের সন্দেহে তামিল টাইগারদের কয়েকটি নৌযান এবং ট্রলার ধ্বংস করেছে।
মালদ্বীপে ১৯৮৮ সালে শ্রীলঙ্কার তামিল টাইগারদের সমর্থনে বিদ্রোহিরা মালেতে অভ্যুত্থান প্রচেষ্টা নেয়। পরে ভারতীয় নৌবাহিনীর অভিযানে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই ঘটনার পর থেকেই মালদ্বীপ তামিল টাইগারদের ওপর সতর্ক দৃষ্টি রেখেছে।
মালদ্বীপ উপকূলে টাইগারদের নৌযান ডুবানোর দাবির ব্যাপারে তামিলদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
