পাক-আফগান সীমান্ত বৈঠকে বন্দুকযুদ্ধ, সেনা হতাহত
পাক-আফগান সীমান্ত বৈঠকে সোমবার বন্দুকযুদ্ধে বেশ কিছু সংখ্যক সেনা হতাহত হয়েছে। পাক-আফগান সেনাদের মধ্যকার সীমান্ত সংঘর্ষ নিরসনের চেষ্টায় সোমবার ‘কুরাম আদিবাসী সংস্থা’ মার্কিন, আফগান ও পাকিস্তানি সেনাদের নিয়ে ওই বৈঠকের আয়োজন করে।
বৈঠকে পাকিস্তান এবং আফগানিস্তানের সেনারা রোববারের সীমান্ত সংঘর্ষ সম্পর্কে পুরোপুরি ভিন্ন ব্যাখ্যা দেয়। ওদিকে, আফগানিস্তানের মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কেবল বলেন, তিনি ওই ঘটনার কথা শুনেছেন। এ ব্যাপারে মুখপাত্র বিস্তারিত কিছু বলেননি।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি রয়টার্সকে বলেন, বৈঠকে এক পাকিস্তানি সেনা উঠে দাঁড়িয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন সেনা নিহত এবং আরও দুজন আহত হয়।
পরে মার্কিন হেলিকপ্টার এসে হতাহতদের নিয়ে যায়। ওই পাকিস্তানি সেনা কেনো মার্কিন সেনাদের ওপর গুলি চালালো তা জানা যায়নি বলে জানান আজিমি। তবে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র ওয়াহীদ আরশাদ বলছেন, পাক সেনারা গুলি চালায়নি।
আরশাদ বলেন, “মার্কিন একটি কনভয় চলে যাওয়ার সময় দুস্কৃতকারীদের গুলিতে ৪ জন মার্কিন সেনাসহ ৪ জন পাকিস্তানি সেনা আহত হয়। আর এখনই আমরা খবর পেলাম যে, একজন মার্কিন সেনা ও একজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।”
এদিকে, পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা ওই ঘটনার আরেকরকম ব্যাখ্যা দিয়েছেন। তিনি রয়টার্সকে বলেন,“পাকিস্তানি আধা সামরিক বাহিনীর সেনার ছদ্মবেশে অন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে।”
রোববার পাক-আফগান সীমান্তের কুরাম আদিবাসী অঞ্চলে দুপক্ষের সংঘর্ষের পরদিনই এ ঘটনা ঘটল।
