২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র হামলা করলে ‘দাঁতভাঙ্গা’ জবাব দেওয়া হবে: আহমাদিনেজাদ

যুক্তরাষ্ট্র তার দেশের ওপর হামলা করলে এর ‘দাঁতভাঙ্গা’ জবাব দেওয়া হবে বলে আবারও সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 03:44 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

দুদিনের এক ঐতিহাসিক সফরে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি। সোমবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মধ্যপ্রাচ্যে সাম্প্র্রতিক সফরকালে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের সম্ভাবনার কথা বাতিল করতে অস্বীকৃতি জানান। ইরানের প্রভাব খর্ব করতে দেশটির বিরুদ্ধে আরব মিত্রদের সমর্থন আদায়ে আরব আমিরাতসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশ সফর করেন চেনি।

চেনির ওই হুমকির জবাব দিয়ে আহমাদিনেজাদ বলেন, “তাদের বুঝবে যে তারা যদি এ ধরনের কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে ইরান ভয়ঙ্কর হয়ে উঠবে এবং এজন্য তাদের পরে আফসোস করতে হবে।”

“সবাই জানে তারা আমাদের ওপর হামলা করতে পারে না। ইরান নিজেকে রক্ষা করার সামর্থ রাখে। ইরান একটি শক্তিশালী দেশ।”

পারস্য উপসাগরে মার্কিন সেনাবাহিনী শক্ত অবস্থানে আছে। ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির চেষ্টার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর অবরোধ আরোপের দাবি জানাচ্ছে। অন্যদিকে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং তেলের রপ্তানি বাড়াতে তাদের আরও জ্বালানি প্রয়োজন।

এ প্রসঙ্গে আহমাদিনেজাদ বলেন, “পশ্চিমা বিশ্ব ইরানকে নিজেদের পরমাণু জ্বালানি কর্মসূচি থেকে বিরত রাখতে পারে না।”

এর আগে রোববার ওই অঞ্চলে নিরাপত্তহীনতা সৃষ্টির জন্য বিদেশি সেনাদের দায়ি করে তিনি মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান জানান। অপেক্ষাকৃত শক্ত ভাষা ব্যবহার করে পরদিন তিনি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর উচিৎ বিদেশি শক্তির হাত থেকে নিজেদের ‘মুক্ত করা’।

আহমাদিনেজাদ আরও বলেন, “আমাদের পারস্য উপসাগরীয় দেশগুলো কঠিন পরিস্থিতি এবং শত্রুর মোকাবেলা করছে। আমাদের এ অঞ্চলটি নিরাপদে থাকুক-এটা যারা চায় না তাদের হাত থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে এখানে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।”

“তারা এ অঞ্চলে হস্তক্ষেপ করে একে অনিরাপদ করেছে। তরা দাবি করছে নিরাপত্তাহীনতার কারণেই তারা এখানে আছে, কিন্তু সমস্যা হলো বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

ইরাকি জনগণকে সহায়তার জন্য ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি বলে আহমাদিনেজাদ জানান। তিনি বলেন, “মার্কিনিরা ইরানের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলায় ইরানের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছে। ইরাকি জনগণকে সহায়তা করতে আমরা তাদের সঙ্গে আলোচনায় রাজি আছি।”

“ওই বৈঠক বাগদাদে অনুষ্ঠিত হবে ইরাকি সরকারের উপস্থিতিতে। এর আগে তেহরানের সম্মতি বিষয়ে রোববার হোয়াইট হাউস জানায়, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরাকের নিরাপত্তা নিয়ে বাগদাদে বৈঠকে বসবেন।

ইরানের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম আরব আমিরাত সফর। আরব আমিরাতের সঙ্গে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বৈরিতার মাঝে তিনি রোববার দেশটি সফরে আসেন। এমন এক সময় এ সফর অনুষ্ঠিত হচ্ছে যার একদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আরব আমিরাত সফর করেন। ধারণা করা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছে আরব আমিরাত।

আহমাদিনেজাদের সফর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান বলেন, তার দেশ চায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির পেছনে দায়ি কারণগুলো দূর হোক।

সফরকালে আহমাদিনেজাদ আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, জ্বালানি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

১৯৭১ সালে আমির শাসিত সাতটি ক্ষুদ্ররাজ্য বা আমিরাত নিয়ে একক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গঠিত হওয়ার পর এটাই কোনো ইরানি প্রেসিডেন্টের সেদেশ সফর। ওই সময় শাহদের শাসনাধীন ইরান পারস্য উপসাগরের তিনটি দ্বীপ দখল করে নেয়। আরব আমিরাতের দুটি রাজ্য এগুলোর দাবিদার হওয়ায় ইরানের সঙ্গে দেশটির সম্পর্কে তিক্ততা শুরু হয়।