পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে রামোস-হোর্তার জয় নিশ্চিত
পূর্ব তিমুরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে হোসে রামোস-হোর্তা। পূর্ব তিমুরের নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানায়, দ্বিতীয় দফা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফল অনুযায়ী, প্রায় ৭৩ শতাংশ ভোট পেয়েছেন রামোস-হোর্তা।
নির্বাচন কমিশনের মুখপাত্র মারিয়া এঞ্জেলিনা সারমান্তো জানিয়েছেন, “ এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২,৭৩,৬৮৫ ভোট পেয়েছেন হোর্তা। বুধবারের নির্বাচনের প্রায় ৯০ ভাগ ব্যালট গণনা করা হয়েছে বলে জানান তিনি।”
কমিশনের এ তথ্য থেকে রামোস হোর্তা বিজয়ী হয়েছেন বলা যাবে কিনা-এ প্রশ্নের জবাবে কমিশনের মুখপাত্র বলেন, “তা আমরা বলতে পারবো না। আপিল আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
রামোস হোর্তার প্রতিদ্বন্দ্বী ফ্রান্সিসকো গুয়েত্রেস ১,০১,৩৭৪ ভোট পেয়েছেন। যা মোট ভোটের ২৭ ভাগ।
শুক্রবার সন্ধ্যার আগে আনুষ্ঠানিক প্রাথমিক ফলাফল ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রামোস-হোর্তা এবং ক্ষমতাসীন ফ্রেতেলিন পার্টির প্রধান গুয়েত্রেস প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেলেও মোট আট প্রার্থীর কেউই উল্লে¬খযোগ্য সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনের প্রয়োজন পড়ে।
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বর্তমান প্রেসিডেন্ট সানানা গুসমাও এখন প্রধানমন্ত্রীর পদের জন্য লড়বেন।
হোসে রামোস-হোর্তাকে অনেক বেশি পশ্চিম ঘেঁষা এবং অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষের বলে মনে করা হয়। অন্যদিকে, ফ্রেতেলিন পার্টি নেতা গুয়েত্রেস জাতীয়তাবাদী এবং অনেকটা বামপন্থী হিসেবে পরিচিত। তবে দুই নেতাই দেশে ব্যাপক বৈদেশিক বিনিয়োগের অঙ্গীকার করেছেন।
