কিউবায় বিমান ছিনতাই চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলেন ফিদেল
কিউবায় গত সপ্তাহে দুই পলাতক সেনার একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলেন দেশটির নেতা ফিদেল কাস্ত্রো।
সোমবার প্রকাশিত এক সম্পাদকীয় কলামে তিনি লেখেন, পলাতক কিউবানদের জন্য যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ের সুযোগেই ভোগবাদী মার্কিন সমাজে পালিয়ে যেতে চেয়েছিল তারা।
ফিদেল বলেন, “কিউবার বিরুদ্ধে যেকোনো অপকর্ম ও সহিংসতার পুরস্কার হিসেবে যে বস্তুগত লাভ এবং প্রাপ্য সবরকম সাজা মওকুফের মাধ্যমে প্রায় অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র যে মদদ দিয়ে আসছে তা এ ধরনের কাজে প্রলুব্ধ করছে।”
৮০ বছর বয়সী এ রাষ্ট্রনায়ক বলেন, “সেনাবাহিনীর ওই সদস্যদের শাস্তির বিষয়ে সৌম্যতা ও স্থিরতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।”
২০০৩ সালে হাভানা থেকে একটি ফেরি ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টায় গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করে কিউবা। বিমান ছিনতাইয়ের চেষ্টার অপরাধে আটক এ দুই সেনাকেও একই ভাগ্য বরণ করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রধান মানবাধিকার সংগঠন।
গত সপ্তাহে সেনা ব্যারাক থেকে দুটি একে-৪৭ রাইফেল নিয়ে পলাতক দুই নবীন সেনা যাত্রীবোঝাই একটি বাস ছিনতাই করে সবাইকে জিম্মি করে বিমানবন্দরে নিয়ে যান। হাভানা বিমানবন্দরে শূন্য একটি যাত্রীবাহী বিমানে তোলা হয় জিম্মিদের।
ছিনতাই প্রতিহত করতে গিয়ে তাদের গুলিতে মারা যান জিম্মিদের একজন সেনাবাহিনীর এক নিরস্ত্র লেফটেন্যান্ট কর্নেল। পরে বিমানটির উড্ডয়ন ঠেকিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং বিমান থেকে সব জিম্মিদের নিরাপদে বের করে আনা হয়।
