২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসরি নিহতের খবর নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র, আল-কায়েদার অস্বীকার

বাগদাদের উত্তরে অভ্যন্তরীণ সংঘর্ষে আল কায়েদা নেতা আবু আইয়ুব আল-মাসরি মঙ্গলবার মারা গেছেন বলে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র জানালেও এ খবরে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা। এদিকে, আল-কায়েদা মাসরি নিহতের খবর পুরোপুরি অস্বীকার করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার মঙ্গলবার বলেছেন, তিনি মাসরি নিহতের খবরটি নিশ্চিত করে বলতে পারছেন না। আর এ খবর সত্য হয়ে থাকলেও এতে ইরাকে সহিংসতা কমবে না বলেই মনে করেন তিনি।

বাগদাদের এক ভিডিও কনফারেন্স থেকে ওয়াশিংটনের সাংবাদিকদের ক্রোকার বলেন, “ওই অভিযানে কোয়ালিশন বাহিনী জড়িত ছিলো না। কাজেই মাসরি মারা যাওয়ার খবরটি আমি নিশ্চিত করতে পারছি না।”

এর আগে ইরাক থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল করিম রয়টার্সকে জানান, “আমরা গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হয়েছি যে আল-মাসরি নিহত হয়েছেন।”

মন্ত্রণালয়ের আরেকটি সূত্র খালাফ জানান, মাসরিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, বাগদাদের উত্তরের ছোট শহর আল-নাবেয়ির একটি সেতুর কাছে সংঘর্ষ হয়।

খালাফ ও মন্ত্রণালয়ের অন্যান্য সূত্র অবশ্য জানান, কর্তৃপক্ষ এখনও মাসরি লাশ পায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই খবর এর আগেও নিশ্চিত করেনি।

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টোফার গার্ভার বলেছিলেন, “আশা করি এটা সত্য, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আমরা খুবই সতর্ক।”

সম্প্রতি ইরাকে সুন্নি ইসলামি আল কায়েদা এবং আরবের অন্যান্য সুন্নি জঙ্গিদের মধ্যে হামলা বেড়েছে। বিশেষ করে আল কায়েদা সদস্যরা বিক্ষিপ্তভাবে ইরাকে বেসামরিক লোকদের হত্যা করছে বলে অভিযোগ রয়েছে।

২০০৬ সালের জুনে ইরাকে বিমান হামলায় জর্ডানের জঙ্গি আবু মুসাব আল-জারকাবি নিহত হওয়ার পর মাসরি ইরাকে আল কায়েদার নেতৃত্ব নেন। মাসরি আবু হামজা আল-মুজাহির নামেও পরিচিত।

যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্মকর্তারা আল কায়েদাকে অভিযুক্ত করে বলেন, তারা গাড়িবোমা হামলা করে হাজার হাজার লোক হত্যা করে ইরাকে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘু সুন্নিদের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

ইরাকি কর্মকর্তারা আরও অভিযোগ করে বলেন, এক বছর আগে সামারায় একটি পবিত্র মাজার ধ্বংস করে আল কায়েদা সদস্যরা অসংখ্য মানুষের রক্ত ঝরায়।

ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস গত সপ্তাহে বলেছিলেন, “আল কায়েদা সম্ভবত এখন ইরাকের জনগণের এক নম্বর শত্রু।”

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, জারকাবির ঘনিষ্ঠ সহযোগী মিসরের মাসরি আফগানিস্তানে প্রশিক্ষণ নেন এবং এবং বাগদাদে আল কায়েদার প্রথম কমিটি গঠন করেন।

যুক্তরাষ্ট্র মাসরিকে জীবিত অথবা মৃত অবস্থায় পাওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।