২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে বেরিয়ে যাবে ভেনেজুয়েলা

ওয়াশিংটনভিত্তিক ঋণদান সংস্থা বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে বেরিয়ে যাবে ভেনেজুয়েলা। এর ফলে দেশটির বামঘেঁষা প্রেসিডেন্ট হুগো শাভেজ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্প্রদায় থেকে দূরত্ব তৈরির ইঙ্গিত দিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2007, 02:14 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

শাভেজ সোমবার বলেন, ‘সাম্রাজ্যবাদী’ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো সংগঠনের প্রয়োজনীয়তা ভেনেজুয়েলার নেই। তিনি দক্ষিণ আমেরিকায় একটি বিকল্প ঋণদান সংস্থা গঠনের পরিকল্পনা করেছেন যার অধিকাংশ অর্থ দেবে তেল উৎপাদনকারী সংগঠন ওপেক।

মে দিবসে শ্রমিকদের অধিকার উদযাপনের সময় গুরু ফিদেল কাস্ত্রোকে উদ্দেশ্য করে শাভেজ বলেন, “আমাদের ওয়াশিংটনের কাছে যাওয়ার প্রয়োজন নেই... আমরা বেরিয়ে যাচ্ছি।”

“আমি বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে চাই।”

শাভেজ লাতিন আমেরিকায় দারিদ্র বাড়ার জন্য এ সংগঠনগুলোর বাজেট নিয়ন্ত্রণে কঠোর নীতি প্রণয়ন, বেসরকারিকরণ এবং মুক্তবাজার অর্থনৈতিক প্রক্রিয়াকে দায়ি করেন।

ওয়াশিংটনের প্রত্যাখ্যাত নীতিমালার ওপর ভিত্তি করে শাভেজ একটি সমাজতান্ত্রিক দেশ রাষ্ট্র গঠন করতে চান এবং এ লক্ষ্যে তিনি কিছু সুপারিশও করেছেন। যেমন, সোমবার তিনি শ্রমিকদের কমপক্ষে ২০ শতাংশ বেশি মজুরি এবং শ্রম ঘণ্টা ছয় ঘণ্টায় কমিয়ে আনার ঘোষণা দেন।

বহুজাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়া রাজনৈতিকভাবে প্রতীকী হলেও কিন্তু এর ফলে তাৎক্ষণিকভাবে অর্থনীতিতে সামান্য হলেও প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৯ সালে শাভেজ দায়িত্ব নেওয়ার পর ভেনেজুয়েলা উল্লেখযোগ্যহারে সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক কমিয়ে দিয়েছে। বিশ্বজুড়ে তেলের মূল্য বাড়ার ফলে ভেনেজুয়েলা বিশ্ব ব্যাংকের সর্বশেষ ঋণ পরিশোধ করে ফেলেছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে যারা গত কয়েক বছরে বহুজাতিক সংস্থাগুলোর ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ফেলেছে, ভেনেজুয়েলা তাদের অন্যতম।

শাভেজ এই বছর অর্থনীতিকে গতিশীল করার জন্য অনেক প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মঙ্গলবার শাভেজ বিশ্বের কয়েকটি বড় কোম্পানির শত শত কোটি ডলারের তেল প্রকল্পের দায়িত্ব ফিরিয়ে নিতে গণমিছিল করেন।

তিনি বলেন, ওয়াশিংটননিয়ন্ত্রিত নীতিমালার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলাবাসীদের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে।

শাভেজ বলেন, “চাকা এখন পুর্ণ বৃত্তে ঘুরবে।”