আফগানিস্তানে দ্বিতীয় দিনের মতো মার্কিনবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে বেসামরিক লোক হতাহতের ঘটনার প্রতিবাদে হাজার হাজার আফগান সোমবার পশ্চিমাঞ্চলীয় হেরাতে বিক্ষোভ করেছেন।
এলাকাবাসীরা জানান, বিক্ষোভকারীরা হেরাত শহরের দক্ষিণে শিনদান্দ জেলার প্রশাসনের কার্যালয়গুলোয় হামলা চালায়।
হেরাতে পশ্চিমা সেনাদের বড় একটি ঘাঁটি রয়েছে। বিক্ষোভকারীরা ওই ঘাঁটির দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এলাকাবাসীরা গুলির শব্দ শোনার কথা জানালেও কারা গুলি করেছে কিংবা কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে আর কোনো তথ্য জানাতে পারেননি। তবে প্রাদেশিক সরকারের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী জানায়, তারা শিনদান্দের দক্ষিণে জেরকো জেলায় গত কয়েকদিন আলাদাভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।
যৌথবাহিনীর অভিযানে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনার প্রতিবাদে আগেরদিন রোববার পূর্ব আফগানিস্তানে কয়েকশ আফগান যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
