ইরাক যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতিতে নতুন মোড়
সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে মার্কিন কংগ্রেসে যুদ্ধব্যয় বিল পাস এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিলটিতে ভেটো দেওয়ার ঘোষণায় ইরাক যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতির মোড় ঘুরে যাওয়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কংগ্রেসে বিলটি নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের পাল্টাপাল্টি আক্রমাণত্মক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতির মাঠও।
সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রিড বলেছেন, ইতোমধ্যেই ইরাক যুদ্ধে হেরে গেছেন বুশ। জবাবে রিপাবলিকানরা বলেছেন, রিড একজন পরাজয়বাদী।
এদিকে, ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন ও বারাক ওবামা দুজনেই নির্বাচনের মাঠ গরম করেছেন ইরাক যুদ্ধে বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে। ক্যালিফোর্নিয়ার জনসভায় হিলারি বলেন, “ ক্ষমতায় গেলে আমার প্রথম কাজ হবে ইরাক যুদ্ধ বন্ধ করা।”
কিন্তু অনেক বিশ্লেষকই মনে করেন ইরাক যুদ্ধ নিয়ে ডেমোক্রেটদের আপাত কঠোর অবস্থান সত্ত্বেও রিপাবলিকান শিবিরের সঙ্গে তাদের একটা আকস্মিক সমঝোতা আসন্ন। মাঠে ময়দানে রিপাবলিকান-ডেমোক্রেট মারমুখী অবস্থানের আড়ালে দু’শিবিরের অনেক নেতাও এমন একটি সমঝোতা চাইছেন।
ইরাকের তথাকথিত উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের এ সমঝোতা প্রচেষ্টা চলতে পারে।
শুক্রবার বুশ আবারও বলেছেন, সেনা প্রত্যাহারের কোনো তারিখ তিনি মেনে নেবেন না। তবে একইসঙ্গে ডেমোক্রেট নেতাদেরকে রিপাবলিকানদের সঙ্গে বৈঠকে বসে সমাধানের পথ খুঁজে বের করতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, সমাধানের পথ পাওয়া যাবে বলেই তিনি বিশ্বাস করেন।
কিন্তু এর মধ্যেই প্রেসিডেন্ট বুশকে আরও একটি বিল পাঠানোর চিন্তা করছেন ডেমোক্রেটরা। চলতি বছর অক্টোবরের ১ তারিখ থেকে সেনা প্রত্যাহার শুরুর শর্তে ১২,৪০০ কোটি ডলারের এ বিল মঙ্গলবার পাঠানো হতে পারে প্রেসিডেন্ট বুশকে। বিলটি সম্পর্কে হোয়াইট হাউস জানিয়েছে, সঙ্গে সঙ্গেই এতে ভোটো দেবেন বুশ।
গত সপ্তাহে ডেমোক্রেট দলের নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে বুধবার সামান্য ব্যবধানে আগের বিলটি অনুমোদিত হয়। এর পক্ষে-বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২১৮ ও ২০৮। পরদিন বৃহস্পতিবার সিনেটে বিলটি পাস হয় ৫১-৪৬ ভোটে। কিন্তু প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে হারিয়ে দেওয়ার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ডেমোক্রেটরা ব্যর্থ হবেন বলেই মনে করা হচ্ছে। কেননা, প্রতিনিধি পরিষদ ও সিনেট-দুটোতেই মূলত দলীয় বিবেচনার ভিত্তিতেই ভোট দিয়েছেন সদস্যরা।
বিলটি প্রসঙ্গে উইসকনসিনের ডেমোক্রেট সিনেটর ও হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ডেভিড ওবে বলেন, বিলটি প্রেসিডেন্ট বুশকে ইরাকের গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে। এ ধরনের সুযোগ আগে তিনি কখনই পাননি।”
