কসোভোর প্রশ্নে আতিসারির পরিকল্পনায় রাজি যুক্তরাষ্ট্র-ইউরোপ
কয়েকমাসের মধ্যেই কসোভোর স্বাধীনতায় আগ্রহী যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদেশগুলো সাবেক ফিনিশ প্রেসিডেন্ট মার্টি আতিসারির পরিকল্পনা হাতে নিতে প্রস্তুত বলে জানিয়েছে। অসলোয় ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা একথা জানায়। ন্যাটো কূটনীতিকরা শুক্রবার একথা জানিয়েছেন।
সার্ব ও জাতিগত আলবেনীয়দের সঙ্গে ১৩ মাসের আলোচনার পর মার্টি আতিসারি কসোভোর স্বাধীনতার আন্তর্জাতিক পরিকল্পনা দিয়েছেন। সার্বিয়া কসোভোর স্বাধীনতার বিষয়টি নিয়ে আরো আলাপ-আলোচনা চায়। সার্বিয়াকে সমর্থন দিয়েছে রাশিয়া। আর আতিসারির পরিকল্পনা ব্যর্থ বলেই মনে করে রাশিয়া।
রাশিয়া কসোভোর স্বাধীনতা নিয়ে আরো আলাপ-আলোচনার পক্ষে হলেও যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদেশগুলো চায় জুনের মধ্যেই কসোভোর জাতিসংঘ প্রশাসন বিলুপ্ত হোক। সেইসঙ্গে একটি প্রস্তাবনার মধ্য দিয়ে কসোভো ইউরোপীয় ইউনিয়নের তদারকাধীন স্বাধীনতা পরিকল্পনার আওতায় চলে আসুক।
পশ্চিমাদের আশঙ্কা, আলবেনীয়দের স্বাধীনতা পেতে দেরী হলে কসোভোয় শান্তিরক্ষা মিশনে থাকা প্রায় ১৬ হাজার ৫শ’ ন্যাটো সেনা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। অসলোয় ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের কথায় এই উদ্বেগ স্পষ্ট হয়েছে।
অসলোর বৈঠক শেষে এক কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা সংখ্যালঘু সার্বদের রক্ষাকবচের বিষয়টি মাথায় রেখেই দ্ব্যর্থহীনভাবে আতিসারির পরিকল্পনা হাতে নিতে প্রস্তুত। কিন্তু বেলগ্রেড আতিসারির পরিকল্পনার তীব্র বিরোধী।
ওই কূটনীতিক আরো জানান, জাতিসংঘ পরিকল্পনার আওতায় জাতিগত আলবেনীয় প্রদেশে সার্ব সংখ্যালঘুদের রক্ষায় যে সমস্ত ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে সেগুলো কিভাবে জোরদার করা হবে সে ব্যাপারে বৈঠকে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত কিছু বলেননি। কর্মকর্তারা কেবল বলেন, “আতিসারির পরিকল্পনা নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। তবে এই পরিকল্পনায় কয়েকটি বিষয় খাপ খাইয়ে নেওয়ার আছে।”
আলবেনীয় ও সার্বদের মধ্যে মধ্যস্থতাকারী আতিসারি তার পরিকল্পনাকে খাটো করে না দেখার ব্যাপারে সতর্ক করে দিয়ে এ মাসেই বলেছেন, তার পরিকল্পনায় আলবেনীয়দের আশা-আকাঙ্খা এবং সার্বদের উদ্বেগ-দুয়ের মধ্যেই প্রতক্ষ্য ভারসাম্য বজায় রাখা হয়েছে।
ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার কসোভো ইসু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে অসলোয় বৈঠকে বসছেন। সার্বিয়ার মিত্র মস্কো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আতিসারির পরিকল্পনায় ভেটো দিতে পারে-এমন ইঙ্গিতের মাঝেই বসছে এই বৈঠক।
কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউরোপীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা নিয়ে মিত্রদেশগুলোর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠাই লেভরভের বৈঠকে প্রাধান্য পাবে এবং এর আড়ালে কসোভো প্রসঙ্গ হারাবে-বলেই মনে করা হচ্ছে।
