নিজেদের সবচেয়ে বেশি অপছন্দ ফরাসীদের!
মার্কিনিরা তাদের যতোটা না অপছন্দ করে তারচেয়েও নিজেদের বেশি অপছন্দ করে ফরাসীরা। শুক্রবার প্রকাশিত এক জনমত জারিপে এমনই মজার তথ্য পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন (আইএইচটি) পত্রিকা ও ফ্রান্স টুয়েন্টিফোর টিভি স্টেশনের হয়ে হ্যারিস/নোভাট্রিস ছয়টি দেশের মোট ছয় হাজার জনের ওপর বৃহস্পতিবার ওই জরিপ পরিচালনা করে। এর ফলাফলে দেখা গেছে, ৪৪ শতাংশ ফরাসী নিজেদের সম্পর্কে বাজে ধারণা পোষণ করেন। এক্ষেত্রে ফরাসীদের অপছন্দকারী মার্কিন উত্তরদাতার সংখ্যা ৩৮ শতাংশ।
এর বিপরীতে ১৪ শতাংশ জার্মান, ২৫ শতাংশ ইতালীয়, ২৯ শতাংশ স্পেনীয় ও ৩৩ শতাংশ ব্রিটিশ ফরাসীদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন।
তবে প্রতিবেশীদের মধ্যে ফরাসীদের সবচেয়ে বেশি পছন্দ করেন জার্মানরা। এদের সংখ্যা ৭৩ শতাংশ। এরপরই আছে যথাক্রমে ইতালীয় (৬৩ শতাংশ), স্পেনীয় (৫৪ শতাংশ), ফরাসী (৫১ শতাংশ), ব্রিটিশ (৪১ শতাংশ), এবং মার্কিনিরা (৩৫ শতাংশ)।
ইরাক যুদ্ধ নিয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটার পর থেকে ফরাসীদের বেশি করে অপছন্দ করা শুরু করেছেন মার্কিনিরা।
জরিপের ফলাফলে ৭৪ শতাংশ মার্কিন উত্তরদাতারা বলেছেন, ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে যেই জয়ী হোন না কেন, তার উচিৎ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়ন করা। এক্ষেত্রে ফরাসীদের ৪১ শতাংশ মার্কিনিদের সঙ্গে একমত। তবে ২০ শতাংশ ফরাসী মনে করেন, প্যারিসের উচিৎ ওয়াশিংটনের কাছ থেকে আরও দূরে সরে আসা।
