২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি অর্থ আসছে: পুতিন

বিদেশিরা রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে অর্থ যোগান দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া বার্ষিক ভাষণে তিনি ‘উগ্রবাদ’ মোকাবেলায় আরও কঠোর আইন করার ওপরও জোর দেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2007, 04:04 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পুতিন বলেন, “আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে বিদেশিরা ক্রমবর্ধমান হারে সরাসরি অর্থ যোগাচ্ছে। গোষ্ঠীগত দাঙ্গা সৃষ্টিকারী ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো এসব নোংরা কৌশল ব্যবহার করার পরিণাম কী হতে পারে তা নিয়ে অনেকেই সচেতন নন।”

“এক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ জানাতে চাই, উগ্রবাদী তৎপরতা রুখতে আরও কঠোর শান্তির বিধানসহ আইন প্রণয়নে যেসব সংস্কার আনা হচ্ছে তা অবিলম্বে গ্রহণ করুন।”

বিরোধীদের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত করে তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে এমন কিছু শক্তি সক্রিয় আছে যারা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি পছন্দ করে না এবং প্রাকৃতিক সম্পদ চুরি করতে চায়। রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে এরা বিদেশি ‘ঔপনিবেশিক শক্তি’র সঙ্গে হাত মিলিয়েছে।

“আমরা দেখেছি, ঔপনিবেশিক যুগেও ঔপনিবেশিক শক্তিগুলো তথাকথিত ‘সভ্য ভূমিকা’ রাখার কথা জোর দিয়ে বলতো। তারা এখন মুখে গণতন্ত্রের স্লোগান দেয়, কিন্তু তাদের মূল লক্ষ্য একটাই... এককভাবে লাভবান হওয়া... এবং নিজেদের স্বার্থ সংরক্ষণ করা।”

প্রেসিডেন্ট পদে পুতিনের দ্বিতীয় দফা মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তার শাসনামলে তেলের রপ্তানি বাড়ায় দেশটির অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। এ কারণেই রাশিয়ায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তবে ইদানিং পুতিনের বিরুদ্ধে বেশ কয়েকটি সমাবেশ হয়। পুতিন বিরোধীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সহিংসতার আশ্রয় নেয়। পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।

আগামী ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচনে তার নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি ভালো করবে বলে আশা করা হচ্ছে।