যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনায় সহযোগিতার প্রস্তাব রাশিয়ার প্রত্যাখান
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মকাণ্ডে সহযোগিতা করা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রকটি প্রস্তাবকে মঙ্গলবার প্রত্যাখান করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্য দিয়ে ইউরোপে যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পরিকল্পনায় মস্কো ও মিত্রদের রাজি করাতে বুশ প্রশাসনের প্রচেষ্টা এক ধাপ পিছিয়ে গেল।
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়া বুঝতে পেরেছে যে যা করার ওয়াশিংটন তার সবই করছে এবং প্রতিরক্ষা পরিকল্পনায় অংশ নেওয়ার বিষয়ে কোনো আগ্রহ নেই রাশিয়ার।
পূর্ব ইউরোপে একটি ক্ষেপণাস্ত্রী বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনায় রাশিয়াকে রাজি করানোর লক্ষ্যে সোমবার মস্কো সফর করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মস্কোকে প্রস্তাব দেন আগাম সতর্কতা ব্যবস্থা থেকে তথ্য লেনদেন ও যৌথ মহড়ার সুবিধা গ্রহণের। কিন্তু মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সেসব প্রচেষ্টা সত্ত্বেও সহযোগিতা প্রস্তাবকে প্রত্যাখান করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
ল্যাভরভ লুক্সেমবার্গে সাংবাদিকদের বলেন, “আমরা বুঝতে পেরেছি যে ওয়াশিংটনে ইতোমধ্যেই সব সিদ্ধান্ত হয়ে আছে। সত্যিই আমরা বুঝতে পারছি না যে কীভাবে আমরা এতে যোগ দেব।”
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন হলে তা “ইউরোপের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনায় সহযোগিতার প্রস্তাব রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে প্রত্যাখান করলেন যখন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ওয়াশিংটনের প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করবে ওয়ারশ, যা নিরাপত্তা বাড়াবে পোল্যান্ডের।
তবে পোলিশ সরকার দেশের নিরাপত্তা জোরদার করার উপায় হিসেবে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে মত দিলেও দেশটির জনগণ এ নিয়ে দ্বিধাবিভক্ত। সমালোচকরা বলছেন, এর ফলে পোল্যান্ড সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
পেন্টাগনের পরিকল্পনায় রয়েছে ২০১২ সালের মধ্যে পোল্যান্ডে ১০টি ‘ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ ও চেক প্রজাতন্ত্রে রাডার বসানো। প্রস্তাবিত এ প্রকল্পে মার্কিনিরা ব্যয় করবে প্রায় সাড়ে তিনশ’ কোটি ডলার। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্যই এ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা।
এদিকে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের অবনতিকে অনেকেই স্নায়ুযুদ্ধকালীন উত্তেজনার সঙ্গে তুলনা করছেন।
যদিও এ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র বিরোধের বিষয়টিকে রাজনৈতিক নয় বলে দাবি করে আসছে ওয়াশিংটন। পেন্টাগন বলছে, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে তাদের এ ব্যবস্থা কখনোই কোনো রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।
কিন্তু রাশিয়া বলেছে, বিষয়টি রাজনৈতিক ও কৌশলগত দুটোই। তাদের দাবি, ওই জায়গাগুলো রাশিয়ার সীমান্তের এতো কাছে যে এর ফলে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। দেশটির কোনো কোনো কর্মকর্তা এও মনে করেন যে এ সব স্থাপনাতেই খোদ রাশিয়ার বিরুদ্ধেই অস্ত্র তাক করে বসতে পারে যুক্তরাষ্ট্র।
