২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় শান্তি আলোচনায় নরওয়ের মধ্যস্থতা অনিশ্চিত

শ্রীলংকায় নতুন করে শান্তি প্রক্রিয়া শুরু করতে নরওয়ের মধ্যস্থতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিল টাইগার নিয়ন্ত্রিত এলাকায় নরওয়ে দূতের সোমবারের নির্ধারিত সফর বাতিল হওয়ায় এ অনিশ্চয়তা দেখা দেয়। দেশটির দূতাবাসের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

তামিল টাইগার নিয়ন্ত্রিত কিলোনচ্চি শহরে গিয়ে সোমবার গেরিলা নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল নরওয়ের রাষ্ট্রদূত হান্স ব্রাটসকারের। কিন্তু শুক্রবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর এ সফর বাতিল করেন তিনি।

নরওয়ে দূতাবাসের মুখপাত্র এরিক নার্নবার্গ বলেছেন, “সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেছে সরকার। নিরাপত্তাজনিত কারণে এ সফর বাতিল করা হয়েছে।” তিনি আরও জানান, কবে এ সফর হতে পারে তা বলা যাচ্ছে না।

এর আগে গত শুক্রবার এ বৈঠককে একটি রুটিন বৈঠক হিসেবে উল্লেখ করে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি নার্নবার্গ।

নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে তামিল গেরিলাদের সর্বশেষ বৈঠক হয়েছিল গত মার্চে। এর পর আর কোনো বৈঠক অনুষ্ঠিত না হলেও গত কয়েক মাসে সহিংসতা বেড়ে যাওয়ার পর বর্তমান পরিপ্রেক্ষিতে এ বৈঠক নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন অনেকেই।