২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের মধ্যস্থতা প্রস্তাব ফিরিয়ে দিল ইসরায়েল

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রচেষ্টার মধ্যস্থতা করতে পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেল আবিব। তবে রোববার দেশটি জানিয়েছে, মুশাররফের ইসরায়েল সফরকে তারা স্বাগত জানাবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 12:21 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দপ্তরের এক কর্মকর্তা পাকিস্তানি প্রেসিডেন্টের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে একটি ইতিবাচক দ্বিপাক্ষিক সংলাপ চলছে। কোনো মধ্যস্থতাকারীর সহায়তা ছাড়াই এ সংলাপ চালু থাকবে।”

এর আগে শনিবার আল আরাবিয়া টিভিতে প্রচারিত এক সাক্ষাতকারে মুশাররফ বলেছেন, “সব পক্ষ তাকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিলে শান্তি প্রচেষ্টায় বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন তিনি।”

পারভেজ মুশাররফ সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের ওই কর্মকর্তা বলেন, “ইসরায়েলে আসতে এবং দেশটি সফর করতে তাকে স্বাগত জানাই আমরা। তিনি আসুন, ইসরায়েলি নেতাদের সঙ্গে কথা বলুন এবং বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থানের কথা শুনুন।”

তিনি আরও বলেন, “তার অবস্থানের কথা শুনতে এবং পাকিস্তান-ইসরায়েলের মধ্যকার সংলাপ ও সম্পর্ক অগ্রসর করতে পারলে আনন্দিত হবো আমরা।”

অন্য অনেক মুসলিম দেশের মতোই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানেরও কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের সঙ্গে। তবে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে দেশ দুটি উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ রক্ষা করছে।