ব্রাউনের জয়লাভের পথ পরিষ্কার করলেন মিলিব্যান্ড
আগামী নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউনের বিপরীতে দাঁড়ানো নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন পরিবেশমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। গর্ডন ব্রাউনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় না নামার কথা পরিস্কার করেই বলেছেন তিনি।
‘দ্য অবজারভার’ পত্রিকাকে মিলিব্যান্ড বলেছেন, তিনি গর্ডন ব্রাউনকে ভোট দেবেন। তার এ ঘোষণায় ক্ষমতাসীন শ্রমিক পার্টির কারো কারো আশা গুঁড়েবালি হলো। বিশেষ করে যারা মিলিব্যান্ডকে গর্ডন ব্রাউনের বিপরীতে একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করতেন তারা হতাশ হয়েছেন। আর এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে টনি ব্লেয়ারের পদত্যাগের পর তার উত্তরসূরি হিসাবে ব্রাউনের জয়লাভের পথও।
‘দ্য সানডে টেলিগ্রাফ’ জানিয়েছে, শ্রমিক পার্টির নেতা হওয়ার জন্য যারা ব্রাউনকে মনোনয়ন দেবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মিলিব্যান্ড।
মিলিব্যান্ড এ সপ্তার প্রথম দিকে বলেছিলেন, তিনি “প্রার্থী নন”। যদিও জল্পনা-কল্পনা চলছিল যে আগামী মাসের স্থানীয় নির্বাচনে তিনি যে কোনো সময়ই প্রার্থীতা ঘোষণা করতে পারেন।
কিন্তু অবজারভারে প্রকাশিত প্রতিবেদনে এ সম্ভাবনা তিনি একেবারেই নাকচ করে দিয়েছেন।
অবজারভারকে তিনি বলেন, “মন পরিবর্তনের জন্য স্থানীয় বা স্কটিশ বা ওয়েলস এর নির্বাচনের ফলাফলের জন্য নিশ্চিতভাবেই আমি অপেক্ষা করছি না। শ্রমিক পার্টির নেতৃত্বের জন্য আমি ভোট দেবো ব্রাউনকে।”
এদিকে, শ্রমিক পার্টির পেছনের সারির দুইজন এমপি বলেছেন, পার্টি প্রধান হওয়ার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের একজন সাবেক পরিবেশমন্ত্রী মাইকেল মিশের এবং অপরজন স্যোশালিস্ট ক্যাম্পেইন গ্রুপের চেয়ারম্যান জন ম্যাকডোনেল।
এছাড়া, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জন রিড এবং তার পূর্বসূরী চার্লস ক্লার্কও শ্রমিক দলের নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে টনি ব্লেয়ারের পর তার দলের নেতা হওয়ার ক্ষেত্রে যে কোনো প্রার্থীর চেয়ে ব্রাউনই যে বেশ এগিয়ে রয়েছেন এটা এখন বেশ পরিষ্কার।
প্রসঙ্গত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে হলে প্রার্থীদের কমপক্ষে ৪৪ জন এমপির সমর্থন প্রয়োজন হবে।
