২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়াকে চাল দেয়াসহ রেল যোগাযোগেও রাজি দ কোরিয়া

প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে নতুন করে প্রচুর চাল সাহায্য দিতে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার এ ব্যাপারে উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সিউল। পাশাপাশি গত ৫০ বছর ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সুরক্ষিত সীমান্তে বন্ধ থাকা রেল যোগযোগও চালু করতেও রাজি হয়েছে দুপক্ষই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পিয়ংইয়ংয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পরমাণু চুল্লি বন্ধের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চাল সাহায্য দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি। খাদ্য সাহায্যর বিনিময়ে আগে এমন শর্তারোপের ইঙ্গিত দিয়েছিল দক্ষিণ কোরিয়া।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া মে মাসে চার লাখ টন চাল পাঠাবে উত্তর কোরিয়ায়। উল্লেখ্য, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে উত্তর কোরিয়া ২০০৬ সালের জুলাইয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তাদেরকে চাল সাহায্য দেওয়া বন্ধ করে দক্ষিণ কোরিয়া।

তাছাড়া ১৩ ফেব্রুয়ারি সম্পাদিত ছয়-জাতি চুক্তি অনুসারে উত্তর কোরিয়া তাদের ইয়ংবয়ন পরমাণু চুল্লি ও বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়ামের উৎস বন্ধ শুর করার ১৪ এপ্রিলের চূড়ান্ত সময়সীমা বজায় রাখতে ব্যর্থ হওয়ার পর তাদেরকে পুনরায় সাহায্য দিতে ইতস্তত করেছিল দক্ষিণ কোরিয়া।

এদিকে, পৃথক এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে, ১৩ ফেব্রুয়ারির চুক্তি বাস্তবায়নের ওপর তারা উত্তর কোরিয়াকে সাহায্য দেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে।

রোববারের বৈঠকে দুই কোরিয়া পুনরায় রেল যোগাযোগ চালু করতেও রাজি হয়। এজন্য তারা দু’দেশের সুরক্ষিত সীমান্ত দিয়ে ১৭ মে প্রতীকী অর্থে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ কোরীয় যুদ্ধের শরণার্থী ও আহত সেনাদের নিয়ে এ পথ দিয়ে ট্রেন চলেছিল।

কৌশলগতভাবে দুই কোরিয়ার মধ্যে এখনও যুদ্ধ চলছে। কেননা তাদের সংঘর্ষ থেমে আছে শান্তি চুক্তি নয়, করং যুদ্ধবিরতি চুক্তির কারণে।