আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমালীয় শহর খোস্ত-এ রোববার দু’দফা বোমা বিস্ফোরলে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। দুটি বোমার একটি ছিলো আত্মঘাতী। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
প্রথম বোমা বিস্ফোরণটি হয় খোস্ত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জনাকীর্ণ মার্কেটের মোবাইল ফোনের দোকানে। গত কয়েক সপ্তাহে খোস্ত শহরে কয়েক দফা হামলা চালিয়েছে তালিবান গেরিলারা।
প্রথম বিস্ফোরণস্থলের কয়েক মিটার দূরে এক ঘণ্টা পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ ওই আত্মঘাতী হামলাকারীকে চ্যালেঞ্জ করার পরপরই সে বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানান, বোমা বিস্ফোরণে দু’জন মারা গেছে এবং ৭ জন আহত হয়েছে। তিনি আরও জানান, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে, আত্মঘাতী হামলায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ওয়াজির বাদশাহ নামের প্রাদেশিক এক পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থলের কাছ থেকে সাংবাদিকদের তিনি জানান, “পালিয়ে যাওয়ার সময় আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছিল পুলিশ। আর ধরা পড়ার আগেই বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় সে। বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে এবং পুলিশসহ আহত হয়েছে আরও কয়েকজন।”
মোবাইল ফোনের দোকানটিতে বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলার জন্য দোনকাদাররা তালেবান জঙ্গিদের সন্দেহ করছেন।
