মিয়ানমার হয়ে চীনে যাওয়ার ঐতিহাসিক সড়ক পুনর্নির্মাণ শুরু করল ভারত
২য় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি ঐতিহাসিক সড়ক পুননির্মাণ শুরু করেছে ভারত। জঙ্গল ও পার্বত্য এলাকার মাঝ বরাবর নির্মিত এই সড়কের দৈর্ঘ্য ১৭শ’ কিলোমিটার। পুননির্মাণ শেষ হলে এ পথে মিয়ানমারের মধ্য দিয়ে চীনের সঙ্গে সংযোগ স্থাপিত হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের।
২য় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধরত চীনা সেনাদের সরবরাহ রুট হিসেবে নির্মিত হয়েছিল স্টিলওয়েল রোড নামের এ সড়ক। আর সড়কটির নামকরণ করা হয়েছিল এক মার্কিন জেনারেলের নামানুসারে। যিনি সড়কটির নির্মাণ কাজের দিক নির্দেশনা দিয়েছিলেন ।
কিন্তু ২য় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যাক্ত ছিল সড়কটি। তাছাড়া তদরকির অভাবে নষ্ট হয়ে গেছে সড়কের বিভিন্ন অংশ।
পুননির্মাণ শেষে সড়কটি দিয়ে উত্তর-পূর্ব ভারত থেকে অল্প সময়ে চীনে যাওয়া যাবে। দু’দিনের মধ্যেই ভারতের তেল ও চা সমৃদ্ধ আসাম রাজ্য থেকে মানুষ এবং চা ও কাঠের মতো দ্রব্য পৌঁছানো সম্ভব হবে পশ্চিম চীনের কুনমিং শহরে।
ভারতে এ সড়কটি শুরু হয়েছে লিডো শহর থেকে। লিডো শহরের পার্শ্ববর্তী ব্যস্ত বাণিজ্যিক নগরী দিব্রুগরের স্থানীয় ব্যবসায়ী বেদান্ত গোগোই বলেন, “এটা স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে, বিশেষ করে পর্যটন শিল্পের মাধ্যমে।”
চীন ইতোমধ্যেই মিয়ানমার থেকে কুনমিং পর্যন্ত প্রায় ছয়শ’ ৮০ কিলোমিটার দীর্ঘ সড়ক মেরামত কাজ শেষ করেছে। চীন তাদের অংশকে পরিণত করেছে ছয়-লেনের একটি মহাসড়কে। পাশপাশি মিয়ানমারের অংশের পুননির্মাণেও প্রচুর সাহায্য করেছে চীন।
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত ঐতিহাসিক এ সড়কটির পুননির্মাণ কাজ থেকে সরে ছিল। কারণ সড়কটি চলে গেছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে। যেখানে সক্রিয় রয়েছে কয়েকটি বিদ্রোহী সংগঠন। তাছাড়া, বিশ্বের অবৈধ মাদক উৎপাদনকারী এলাকাগুলোর অন্যতম “গোল্ডেন ট্রায়অ্যাঙ্গেল”র কাছ থেকেও খুব দূরে নয় সড়কটি।
৬০ বছরেরও বেশি সময় আগে ভারতের কিছু সেনা সদস্য এ সড়ক নির্মাণের কাজে সাহায্য করেছিলেন। সেই থেকে তাদের কয়েকজনের পরিবারেরও বসতি রয়েছে এখানে। কিন্তু সড়কটির পুননির্মাণ ও প্রশস্তকরণ কাজের ফলে এখন সেসব পরিবারকে হারাতে হবে তাদের বসত-বাটি।
