সুদানের শিশুরা অবর্ণনীয় নির্যাতনের শিকার
সুদানের শিশুরা অবর্ণনীয় নির্যাতন ও অপব্যবহারের শিকার। তাদেরকে সশস্ত্র দলগুলোতে ভেড়ানো, যৌনকর্মে বাধ্য করাসহ নানা অপকর্মে ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলোর একটি রিপোর্টে একথা বলা হয়েছে।
‘সুদানস চিলড্রেন এট এ ক্রসরোড’ শীর্ষক এই রিপোর্টে মূলত দারফুরের ওপরই আলোকপাত করা হয়েছে। এ প্রদেশে চার বছর ধরে সংঘাত চলছে।
গ্রুপের চেয়ারম্যান ক্যাথলিন হান্ট বলেন, “সুদানের শিশুরাই বিশ্বের যেকোনো জায়গার চেয়ে বেশি অমানবিক আচরণের শিকার।”
৬ টি মানবাধিকার সংগঠনের তৈরি করা ওই রিপোর্র্ট সম্পর্কে এক সংবাদ সম্মেলনে হান্ট বলেন, “দারফুরের দক্ষিণাঞ্চলে যুদ্ধ থেমেছে। উপরন্তু সম্প্রতি সেখানে শক্তিশালী শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের লক্ষণ সংঘাত নিরসনে আশার আলো জাগিয়েছে। কিন্তু শিশুদের অবস্থার উন্নতি হয়নি। চার বছর আগে তারা যেরকম নির্যাতন, মির্মমতার শিকার হয়েছে। আজও তা হচ্ছে।”
সুদানের সেনাবাহিনী তাদের দলে শিশু নিয়োগে কথা অস্বীকার করে আসছে। কিন্তু রিপোর্টে বলা হয়েছে, তাদের প্রতিনিধিরাই স্বীকার করেছে যে, অন্যান্য সশস্ত্র দল থেকে সম্প্রতি তরুণদের সরকারের সশস্ত্র বাহিনীতে নেয়া হয়েছে। দারফুরে বেশির ভাগ বিদ্রোহি ও মিলিশিয়া দলই সরকারপন্থী আরব জানজাবিদ জঙ্গিসহ শিশুদের দলে ভেড়ায়। শিশুরা প্রায়ক্ষেত্রেই ধর্ষণেরও শিকার হয়। কখনো কখনো সুদান কিংবা সুদানের বাইরে মেয়ে শিশুদের পতিতাবৃত্তি কিংবা গৃহকাজে বাধ্য করা হয়।
ওয়াচলিস্টের রিপোর্টে আরো বলা হয়েছে, ৪ থেকে ৫ বছরের শিশুদের আরব উপসাগরীয় দেশগুলোতে উটের জকি এবং ভিক্ষাবৃত্তির জন্য পাচার করা হয়ে থাকে। সুদানের বেশিরভাগ জায়গায়ই শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা প্রকট। দক্ষিণাঞ্চলে স্কুলশিক্ষার হার খুবই কম।
