২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূগর্ভস্থ কেন্দ্রে পরমাণু জ্বালানি তৈরি করছে ইরান: আইএইএ

ইরান তার ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে পরমাণু জ্বালানি তৈরি করার কাজ শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটির পরিদর্শকরা নাতাঞ্জ ঘুরে আসার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিয়েনায় পাঠানো এক গোপন চিঠিতে বুধবার একথা বলা হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 01:08 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

আইএইএর উপপরিচালক অল্লি হেইনোনেনের ওই চিঠিতে বলা হয়, ইরান নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ‘বাণিজ্যিকভিত্তিতে’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লক্ষ্যে এক হাজার ৩০০ এরও বেশি সেন্ট্রিফিউজ চালু করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশ উপেক্ষা করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ জোরদার করেছে। দেশটি ৯ এপ্রিল জানায়, তারা বাণিজ্যিকভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করেছে। পশ্চিমাদের আশঙ্কা, এ কর্মসূচি থেকে তারা পরমাণু বোমা তৈরির দিকে এগুতে পারে। তবে তেহরান তা অস্বীকার করে বলেছে, বিদ্যুৎ উৎপাদনই তাদের লক্ষ্য।

ওই ঘোষণার পর আন্তর্জাতিক বিশ্বের কূটনীতিবিদরা আইএইএর পক্ষ থেকে ওই খবরের সত্যতা জানার অপেক্ষায় ছিলেন।

সংস্থাটির পরিদর্শকরা ১৫ ও ১৬ এপ্রিল নাতাঞ্জ ঘুরে এসে জানিয়েছেন, পরমাণু জ্বালানি উৎপাদনে আটটি কাসকেডে এক হাজার ৩১২টি সেন্ট্রিফিউজ চালু করা হয়েছে। এছাড়া কিছু ইউরেনিয়াম কাসকেডে প্রবেশ করা হয়েছে। গত দুমাসে ইরান নাতাঞ্জে সেন্ট্রিফিউজের সংখ্যা দ্বিগুন করেছে। মে মাসের শেষ নাগাদ তিন হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটি।

এ লক্ষ্য পূরণ হলে ইরান যদি চায় এবং তাদের যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে তবে একটি পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম এক বছরের মধ্যে দেশটির হাতে চলে আসবে। তবে দেশটি সবসময়ই বলছে, এ ধরনের কোনো উদ্দেশ্য তাদের নেই।

আইএইএর ওই গোপন চিঠির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটনের একটি পরামর্শক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পক্ষ থেকে বলা হয়, “...বর্তমানে যে ইউরেনিয়াম ফিডস্টক (ইউএফ৬) চালু করা হয়েছে তা খুবই ক্ষুদ্র পর্যায়ের এবং কাসকেডগুলো কম চাপে কাজ করছে। এতে বোঝা যাচ্ছে, ইরান কাসকেডে ইউরেনিয়াম প্রবেশ করানোর প্রাথমিক পর্যায়ে রয়েছে।”

আইএইএর উপপরিচালক অল্লি হেইনোনেন আরও জানান, ইরান আরক হেভি ওয়াটার প্ল্যান্টে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে বাধা দিয়েছে। এই কেন্দ্রটি বর্তমানে নির্মাণাধীন এবং ২০০৯ সালে এটি চালু হওয়ার কথা।

বিশ্ব শক্তিগুলো আরককে পরমাণু অস্ত্র তৈরির আরেকটি কেন্দ্র বলে বিবেচনা করে। এতে প্লুটোনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে বলে তাদের ধারণা। তবে ইরান বলছে, চিকিৎসা খাতে ব্যবহারের জন্য রেডিও আইসোটপ তৈরি করা হবে আরকে।

হেইনোনেন ইরানে আইএইএর দূতের কাছে পাঠানো ওই চিঠিতে আরও জানান, দীর্ঘ আলোচনার পর তেহরান নাতাঞ্জে স্বচ্ছতা বাড়াতে সেখানে ‘অজ্ঞাত সংখ্যক পরিদর্শক ও নজরদারি সংক্রান্ত সরঞ্জাম’ প্রবেশ করতে দিতে রাজি হয়েছে। তিনি ওই ‘চুক্তি’র প্রতি সম্মান প্রদর্শন করতে এবং আরক সংক্রান্ত তথ্য সরবরাহ না করার ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’ করতে ইরানের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আরকে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেওয়ার ব্যাপারে ২০০৩ সালে স্বাক্ষরিত চুক্তি ইরান ‘একপাক্ষীকভাবে পাল্টে দিতে পারে না’।

ইরান ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজের দিকে তাক করে ভিডিও ক্যামেরা বসানোর ব্যাপারে এখনও আপত্তি জানিয়ে আসছে। এছাড়া তারা জাতিসংঘের চাপের বিরোধিতা করে তাদের ইচ্ছেমতো পরিদর্শনের বিষয়টি গত বছর বন্ধ করে দিয়েছে ইরান। দেশটি বলছে, জাতিসংঘের এসব দাবি পূরণে তারা আইনত বাধ্য নয়।

ওই চিঠি সম্পর্কে প্রশ্ন করা হলে ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সোলতানিয়াহ রয়টার্সকে বলেন, “আইএইএর নিয়ম মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে এবং সংস্থাটি এ সম্পর্কে অবগত আছে।”