উ কোরিয়া সম্ভবত পরমাণু চুল্লি বন্ধের কাজ শুরু করেছে: সউল
নিরস্ত্রীকরণ চুক্তির চূড়ান্ত সময়সীমা পার হওয়ার কয়েক দিন বাদেই উত্তর কোরিয়া সম্ভবত ইয়ংবিয়ন পরমাণু চুল্লি এবং অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়ামের উৎস বন্ধ করার কাজ শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম মঙ্গলবার এ খবর জানিয়েছে।
একজন কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি প্রধান দৈনিক ডং-এ ইলবো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইট ছবিগুলোতে উত্তরের সোভিয়েত আমলের ইয়ংবিয়ন চুল্লিকে ঘিরে কর্মতৎপরতা বাড়তে দেখা গেছে।
গোয়েন্দা তথ্যের সঙ্গে সম্পর্কিত সূত্রটি দৈনিকটিকে বলেছেন, “ওয়াশিংটন মনে করছে ওগুলো খুব সম্ভবত পরমাণু স্থাপনা বন্ধে উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের একটি অংশ।”
অজ্ঞাতপরিচয় এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, চুল্লিটি এখনও চালু রয়েছে। তবে সেখানে গাড়ি চলাচল বৃদ্ধি পাওয়ার মতো কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা গেছে।
এ বিষয়ে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেছেন, টোকিও তথ্য যোগাড় করছে। তবে প্রতিবেদনগুলো সম্পর্কে কোনো মন্তব্য করবে না তারা।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্রবিস্তার রোধ বিষয়ক এক বিশেষজ্ঞ বলেছেন, প্রক্রিয়াগতভাবে বন্ধ শুরু করতে পিয়ংইয়ঙের খুব কম খরচ হবে। তবে কূটনৈতিক প্রক্রিয়া আবারও ভেঙ্গে পড়লে খুব সহসাই চুল্লিটি চালু করতে পারবে তারা।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ননপ্রলিফিরেশন স্টাডিজের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ ড্যানিয়েল পিঙ্কস্টোন বলেন, “তারা সেটা করতে পারে, তবে তা পুনরায় শুরু করাও সম্ভব। এটা সত্যিকার অর্থেই তাদের জন্য ব্যয়বহুল কোনো বিষয় নয়।”
দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ছয়জাতি চুক্তি অনুসারে ১৪ এপ্রিলের মধ্যে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধ করার কথা ছিল উত্তর কোরিয়ার।
