ইতালিতে মার্কিন সেনার বিচার শুরু
ইরাকে ইতালির এক গোয়েন্দা প্রতিনিধিকে হত্যার দায়ে রোমে মঙ্গলবার এক মার্কিন সেনার বিচার শুরু হয়েছে। তবে, ওয়াশিংটন তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোর ফলে তার অনুপস্থিতিতেই রোমে অনুষ্ঠিত হচ্ছে এ বিচার কার্যক্রম।
এদিকে ইতালির গোয়েন্দা প্রতিনিধি নিকোলা ক্যালিপারির গাড়িতে গুলি করার ঘটনায় কোনো ভুল করেননি বলে নিউইয়র্কে দাবি করেছেন মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডের ওই সদস্য মারিও লোজানো। তিনি বলেছেন, ২০০৫ সালে বাগদাদ বিমানবন্দরের কাছে সদ্য মুক্তি পাওয়া ইতালির এক অপহৃত সাংবাদিকের কাছে যাওয়ার সময় ক্যালিপারির গাড়িচালক গাড়ির গতি কমানো বা থামানোর কোনো সতর্কতাই মানেননি।
মার্কিন ও ইতালি সরকার বলছে, গুলির ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা। যদিও ইতালির এক বিচারক লোজানোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন ক্যালিপারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার এবং তার গাড়ির অন্যদের হত্যার জন্য দুই দফা প্রচেষ্টার।
ইতালির রাজধানী রোমের সবচেয়ে বড় কারাগার রেবিব্বিয়ার ভেতরের একটি আদালতে অনুষ্ঠিত হচ্ছে তার বিচার কার্যক্রম। আদালত সূত্রে জানা গেছে, লোজানোর প্রতিনিধিত্ব করার জন্য তার একজন ভাড়াটে অ্যাটর্নি রয়েছেন।
এদিকে ইরাকে অপহৃত হওয়ার পর মুক্তি পাওয়া ইতালির ওই সাংবাদিক জিলিয়ানা সেগরেনা বলেছেন, বিচার কার্যক্রমের মাধ্যমে এটি প্রতীয়মান হচ্ছে যে মার্কিন সেনাদেরকে তাদের কর্মকাণ্ডের হিসেব দিতে হবে। গুলিতে তিনিও আহত হয়েছিলেন এবং সেজন্য মামলা দায়ের করতে যাচ্ছেন।
রয়টার্স টেলিভিশনকে সেগরেনা বলেন, “আমরা দেখিয়েছি যে বিশ্বজুড়ে বিচারের সম্মুখীন না হওয়া নিয়ে মার্কিন সেনাদের যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, আমরা তা ভাঙতে পারি।”
