সোমালিয়া সঙ্কট ইথিওপিয়া-ইরিত্রিয়ার বিরোধ বাড়াচ্ছে
সোমালিয়া সঙ্কটকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশ ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরো জটিল আকার ধারণ করছে। বাড়ছে দুদেশের বিরোধ। ফলে দেশ’দুটির মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা তিরোহিত হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইথিওপিয়া ও ইরিত্রয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তি হওয়া জরুরি। কিন্তু বিশ্লেষকদের ধারণা, বিরোধ নিষ্পত্তি তো দূরে থাক বরং সামনের দিনগুলোতে দেশদুটি আরো বেশি বিরোধে জড়িয়ে যেতে পারে। ফলে বেঁধে দেয়া সময়সীমা নভেম্বরের মধ্যে তাদের বিরোধ মেটানোর সম্ভাবনা নেই বললেই চলে।
১৯৯৮-২০০০ সালে ইথিওপিয়া ইরত্রিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের পর ২০০২ সালে হেগ কমিশনের নির্ধারণ করে দেয়া ১ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দেশ দুটি তিক্ত বিরোধে জড়িয়েছে।
সীমান্ত শহর ‘বাডমে’ ইরিত্রয়াকে দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ইথিওপিয়া। উপরন্তু সোমালিয়ার বিরোধী দলগুলোকে সমর্থন দেয়ার বিষয়টি নিয়েও দু’দেশ উত্তরোত্তর বিরোধে জড়াচ্ছে বলে বিশ্লেষকরা অভিযোগ করেছেন। ইরিত্রিয়ার বিরুদ্ধে বিদ্রোহিদের মদদান এবং অন্তর্বর্তী সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালানোর সম্মিলিত অভিযোগ এনেছে সোমালিয়া ও ইথিওপিয়া।
তবে ইথিওপিয়া তীব্রভাবে ওই অভিযোগ নাকচ করেছে। ওদিকে, সীমান্ত বিরোধ মেটাতে ইথিওপিয়ার বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা না নেয়ার জন্য ইরিত্রিয়া যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। দু’দেশের এই ক্রমবর্ধমান বিরোধে তিরোহিত হচ্ছে সমাঝোতার সম্ভাবনা। সেইসঙ্গে হুমকির মুখে থেকে যাচ্ছে ওই অঞ্চলের স্থিতিশীলতার বিষয়টিও।
