আরো দুটো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাবে ইরান
আরো দুটো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ইরান। আগামী কয়েকদিনের মধ্যেই এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। বুশেহেরে দেশটির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ নিয়ে রাশিয়ার সঙ্গে বিরোধ মেটার আগেই এ ঘোষণা দিচ্ছে ইরান।
“ইরানের পরমাণু শক্তি কমিশন আগামী কয়েকদিনের মধ্যেই দুটি আন্তর্জাতিক দরপত্র ইস্যু করবে।” ইরানি সংস্থাটির পরমাণু চুল্লি কর্মসূচির দায়িত্বরত কর্মকর্তা আহমাদ ফাইয়াজবখশ এক সংবাদ সম্মেলনে রোববার একথা বলেছেন।
ফাইয়াজবখশ জানান, প্রস্তাবিত এ দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রও নির্মাণ করা হবে দক্ষিনাঞ্চলের বন্দরনগরী বুশেহেরে। এখানেই রাশিয়ার কারিগরী সহায়তায় দেশটির প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। প্রস্তাবিত প্রকল্পদুটি ১,০০০ থেকে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হবে।
ইরান বলেছে, ২০২০ সালের মধ্যে ২০,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু বিদ্যুৎ প্রকল্পের একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চায় তারা। বুশেহরে নির্মাণাধীন তাদের এ ধরণের প্রথম প্রকল্পটি ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
