বৈঠকে বসছেন আব্বাস-ওলমার্ট, অগ্রগতির লক্ষণ নেই
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার জেরুজালেমে বৈঠকে বসছেন। ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা গঠনের পর এটাই দুনেতার মধ্যকার প্রথম বৈঠক। কিন্তু বৈঠক শুরুর আগ মুহূর্তেও দুনেতার মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছার জন্য কোনো বলিষ্ঠ পদক্ষেপ দেখা যায়নি।
বৈঠকের প্রাক্কালে আব্বাসের উর্ধ্বতন উপদেষ্টা সায়েব এরাকাত বলেছেন, “আমাদের এটা আশা করা ঠিক হবে না যে, আজকের এক বৈঠকেই দৈবক্রমেব সবকিছু ঠিক হয়ে যাবে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অর্থনৈতিক, আইনগত এবং সরকারের কাঠামো নিয়ে আলোচনা করবেন ওলমার্ট।
কিন্তু ইসরায়েলের সরকারি কর্মকর্তারা বলছেন, বৈঠকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে আব্বাসের সঙ্গে। এগুলো হল-ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা নির্ধারণ, জেরুজালেমের অবস্থান নিয়ে আলোচনা এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করা।
এদিকে আব্বাস-ওলমার্ট বৈঠককে ‘অর্থহীন’ এবং কেবলমাত্র ‘ফটোসেশনের উপলক্ষ্য’ বলে মন্তব্য করেছেন হামাস মুখপাত্র ফৌজি বারহুম।
ইসরায়েলের উপ প্রধানমন্ত্রী ইফরাইম স্নেহ বলেছেন,“ যখন অন্য কোনো বিকল্প নেই তখন স্থায়ী চুক্তির লক্ষ্যে আলোচনায় সামান্যতম অগ্রগতিও গুরুত্বপূর্ণ।”
আব্বাস-ওলমার্ট বৈঠকের পর কোনো যৌথ সংবাদ সম্মেলনের আয়োজনও থাকছে না। আর এটি দুপক্ষের মধ্যে কোনো অগ্রগতি না হওয়ারই ইঙ্গিত।
