অর্থ সংকট আর নেই, পরমাণু কর্মসূচি বন্ধ করুন: উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্র
ম্যাকাও ব্যাংকে জব্দ উত্তর কোরিয়ার অর্থ এখন কেবল তোলার অপেক্ষায়। ফলে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধের প্রক্রিয়া শুরু করতে উত্তর কোরিয়ার আর কোন বাধা নেই। ছয়জাতি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র বলেছে, এ সপ্তায় ম্যাকাও কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার তহবিলের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রায় ১৮ মাস ধরে বাঙ্কো ডেল্টা এশিয়ার (বিডিএ) এ একাউন্ট জব্দ করে রেখেছিল ম্যাকাও।
সউলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল সাংবাদিকদের বলেন, “তাদের অর্থ এখন মুক্ত। তাই আমার মতে এটা এখন আর বিডিএর বিষয় নয়। পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম বন্ধের বিষয়টি এখন নির্ভর করছে তাদের (উত্তর কোরিয়ার) উপর। বিডিএ’র ঘটনা শেষ।”
উত্তর কোরিয়ার পরমাণু আকাঙ্খা বন্ধের লক্ষ্যে ছয়-জাতি আলোচনায় দক্ষিণ কোরীয় প্রধান দূত চুন ইয়ং উ বলেছেন, তহবিল নিয়ে বাধা মিটতে কয়েক দিন সময় লাগতে পারে।
হিলের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরীয় দূত বলেন, “এখন উত্তর কোরিয়ার পদক্ষেপ নেওয়ার সময়। যতক্ষণ না উত্তর কোরিয়া পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ আমাদের করার কিছু নেই।”
এর অর্থ হল, চুক্তি অনুসারে উত্তর কোরিয়া তার প্রধান পরমাণু চুল্লি এবং অস্ত্র তৈরির মতো উপযোগী প্লুটোনিয়ামের উৎস বন্ধ করতে শনিবারের চূড়ান্ত সময়সীমা মানতে সম্ভবত ব্যর্থ হচ্ছে। দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফেব্রুয়ারিতে ওই চুক্তি সম্পাদিত হয়।
এ সপ্তাহের প্রথম দিকে পিয়ংইয়ং সফরকারী যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলকে উত্তর কোরিয়া বলেছিল, তাদের অর্থ পাওয়ার এক দিনের মধ্যেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে তারা পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু করতে পারে । প্রসঙ্গত, আইএইএ’র পরিদর্শকরা সর্বশেষ ২০০২ সালে উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করেন।
