২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্য দেওয়া নিয়ে ধনী দেশগুলোর সমালোচনায় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট

সাহায্যনির্ভর উন্নয়নশীল দেশগুলোকে দেয় অর্থের পরিমাণ না বাড়ানোয় যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলোর সমালোচনা করেছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট পল উলফোভিচ। তিনি বলেন, আফ্রিকার কয়েকটি দেশের অর্থনীতি যখন ‘ঘুরে দাঁড়াবার’ চেষ্টা করছে, ঠিক তখনই ধনী দেশগুলো সাহায্য দেওয়া নিয়ে গড়িমসি করছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে উলফোভিচ বলেন, কয়েকটি উন্নয়নশীল দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে, কিন্তু নতুন নতুন সুযোগ কাজে লাগাতে এদের এখনও অর্থ সাহায্যের প্রয়োজন।

“এ পর্যন্ত এমন একটা দেশের উদাহরণ আমরা দেখাতে পারবো না যে দেশটির সরকার জাতিসংঘের পূর্বনির্ধারিত লক্ষ অনুযায়ী ২০১০ সাল নাগাদ বিশ্ব দারিদ্র হ্রাসকরণে গুরুত্বপূর্ণ মাঝারি মানের কর্মসূচি এগিয়ে নিতে সাহায্য পেয়েছে।”

গত ৩ এপ্রিল প্রকাশিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে যুক্তরাষ্ট্র দেয় সাহায্য আগের বছরের তুলনায় ২০ শতাংশ কমিয়ে দিয়েছে। এছাড়া, দরিদ্র দেশগুলোকে দেয় সাহায্যের মোট পরিমাণ কমেছে। ২০০৬ সালে এর পরিমাণ ছিল ১০ হাজার ৩৯০ কোটি ডলার, যা আগের বছর ছিল ১০ হাজার ৬৮০ কোটি ডলার।

ওই প্রতিবেদন সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করেন উলফোভিচ। তিনি ২০০৫ সালে স্কটল্যান্ডের গ্লেনিগেলস শহরে উন্নত বিশ্বের আটটি দেশের গ্রুপ জি-এইটের সম্মেলনে দেয় প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, “উন্নয়ন কর্মসূচিতে সত্যিকারের সহযোগিতা দেওয়ার মতো অর্থ ছাড়ের কোনো উদাহরণ আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি।”

কদিন পর বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের এক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “হিসেব করলে দেখা যাবে, আগের বছরের তুলনায় ২০০৬ সালে উন্নয়ন সহযোগিতার হার কমেছে পাঁচ শতাংশ। এটা কোনো দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সামান্যই সাহায্য করবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কোনো দেশ এ অর্থ ব্যবহারই করতে পারছে না।”

দরিদ্র দেশগুলোকে দেওয়া কিছু কিছু সাহায্য মওকুফ করায় তারা উপকৃত হলেও তাদের এইচআইভি/এইডস আক্রান্তদের জন্য ওষুধ পাঠানোর পাশাপাশি হাসপাতাল ও সড়ক নির্মাণে সাহায্য দেওয়া এখনও জরুরি বলে মন্তব্য করেন উলফোভিচ।

তিনি বলেন, আফ্রিকার ঘানা ও তাঞ্জানিয়ার মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর শিল্প ও ব্যবসা স¯প্রসারণে এখনও বিদেশি সাহায্য প্রয়োজন। এসব দেশে পাঁচ থেকে ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে।

“দশ বছর আগে আপনি হয়তো বলতে পারতেন, এসব দেশ নিজেদের অব্যবস্থাপনার কারণে পিছিয়ে আছে, তাই এদের সাহায্য দেওয়া বৃথা। কিন্তু এখন আর সে যুগ নেই। ১৯৬০ ও ৭০ এর দশকে কোরিয়া যে অবস্থায় ছিল, এরা এখন সে পর্যায়ে আছে। তারা উন্নয়ন নীতি গ্রহণ করেছে এবং এজন্য তাদের বিদেশি সাহায্য দরকার।”

ধনী দেশগুলোর ২০০৫ সালে দেয় প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “তাদের ওই প্রতিশ্রুতির কথা মনে রাখতে হবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমাদের মনে রাখতে হবে যে আমরা হয়তো আফ্রিকাকে এগিয়ে নেওয়ার পথে এক ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে আছে।”

এরপর এক সংবাদ সম্মেলনে উলফোভিচ যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, “আমি এ দেশটিকে কিছুটা দোষ দিতে চাই। সত্যি কথা বলতে কি, অনেক দাতাই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে আছে, যেমন ছোট অথচ ধনী নর্ডিক দেশগুলোর দাতারা।”

তিনি জানান, দরিদ্র দেশগুলোকে সাহায্য দেওয়া নিয়ে বিশ্ব ব্যাংকের দাতারা আলোচনা করছেন। প্রতি তিন বছর পরপর তারা এ আলোচনায় বসে।