ইরাক ও আফগান যুদ্ধের জন্য ‘নেতা’ খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র
ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য একজন ‘যুদ্ধবাজ নেতা’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধক্ষেত্র দুটির ভাল ব্যবস্থাপনার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন এ পদের দায়িত্ব নিতে কাউকে রাজি করাতে পারছে না বুশ প্রশাসন। ইতোমধ্যেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে একাধিক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা। ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি বুধবার একথা জানিয়েছে।
বুশ প্রশাসনের পরিকল্পিত এ ‘যুদ্ধবাজ নেতা’ জবাবদিহি করবেন সরাসরি প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের কাছে। পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কেও নির্দেশনা দেওয়ার ক্ষমতা পবেন ওই যুদ্ধবাজ নেতা । তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলির কাছেও জবাবদিহিতা করতে হবে তাকে।
ইতোমধ্যেই কমপক্ষে তিনজন সাবেক চারতারকা জেনারেল ‘না’ জানিয়ে দিয়েছেন বুশ প্রশাসনের যুদ্ধবাজ নেতা হওয়ার প্রস্তাবে। সাবেক শীর্ষ ন্যাটো কমান্ডার ও মার্কিন মেরিন জেনারেল ‘জ্যাক’ শিহান প্রস্তাব ফিরিয়ে দেওয়া জেনারেলদের একজন।
শিহান বলেছেন, “মৌলিক প্রশ্নটি হল তারা জানে না যে তারা কোথায় যাচ্ছেন।”
পত্রিকাটিকে তিনি আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তার কট্টর সহযোগীরা এখনও প্রশাসনে বেশি ক্ষমতাবান। ফলে বাস্তববাদী যেসব কর্মকর্তারা ইরাক থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন তারা তা পারছেন না।
শিহান বলেন, ওখানে গিয়ে আলসার বাঁধিয়ে তারপর পালানোর পথ খোঁজা, তারচেয়ে সোজা ‘না’ জানিয়ে দিয়েছি আমি।
সাবেক আর্মি জেনারেল জ্যাক কিয়ান ও সাবেক এয়ার ফোর্স জেনারেল জোসেফ রালষ্টনকেও প্রস্তাব দেওয়া হয়েছিল ‘যুদ্ধবাজ নেতা’ হওয়ার জন্য। রালস্টন এ বিষয়ে কোনো মন্তব্য তরতে রাজি না হলেও জেনারেল কিয়ান তার অস্বীকৃতির কথা নিশ্চিত করেছেন ওয়াশিংটন পোস্টকে।
