তালেবান বন্দিদের ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে আফগান পত্রিকা
আফগান সরকারের উচিত তালেবান বন্দিদের ফাঁসি দেওয়া-দেশটির একটি পত্রিকা সোমবার এমনই মন্তব্য করেছে। তালেবানরা এক ইতালীয় সাংবাদিকের দোভাষীকে হত্যার একদিন পর আরমান-এ-মিলি পত্রিকার সম্পাদকীয়তে এ দাবি জানানো হয়।
ওই দোভাষীর নাম আজমল নক্সবন্দি। তাকে অপহরণকারী তালেবান কমান্ডারের এক মুখপাত্র জানান, সরকার কয়েকজন তালেবান যোদ্ধাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানানোয় রোববার আজমলের শিরোচ্ছেদ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা পরে ওই খবরের সত্যতা নিশ্চিত করেন।
আজমলকে ‘শহীদ’ বলে আখ্যা দিয়ে পত্রিকাটি লেখে, “সরকার তালেবান বন্দিদের প্রতি মাত্রাতিরিক্ত সহানুভূতি দেখানোয় তারা আজমল নক্সবন্দিকে হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে যেতে পারছে।”
“অপরাধী কিংবা হত্যাকারী তালেবানদের কারও ক্ষেত্রেই আইনের প্রয়োগ দেখা যায়নি কিংবা তাদের শাস্তিও দেওয়া হয়নি। অথচ, বিচার বিভাগ এদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছে।”
গত মাসের প্রথমদিকে ইতালীয় সাংবাদিক ড্যানিয়েল মাস্ত্রোগিয়াকোমা এবং তার আফগান গাড়িচালক ও দোভাষীকে অপহরণ করে তালেবানরা। দুই সপ্তাহ পর শীর্ষস্থানীয় পাঁচ তালেবান সদস্যকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মাস্ত্রোগিয়াকোমা মুক্তি পান। কিন্তু তার গাড়িচালক ও দোভাষীর মুক্তির বিনিময়ে সরকার আর কোনো তালেবান বন্দিকে মুক্তি দিতে রাজি না হওয়ায় এদের হত্যা করা হয়।
আরেক পত্রিকা চেরাগ নক্সবন্দিকে মুক্ত করতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করে। পত্রিকাটি লেখে, “জনাব কারজাই, কোনো সন্দেহ নেই ইতালি সরকারকে পতনের হাত থেকে রক্ষা করেছেন আপনি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনি একজন আফগানের জীবন রক্ষা করতে পারলেন না, যিনি কিনা ভোট দিয়ে আপনাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন।”
মাস্ত্রোগিয়াকোমার বিনিময়ে তালেবান বন্দিদের ছেড়ে দেওয়ার বিষয়টি ইতালি ও আফগানিস্তান উভয় দেশেই সমালোচিত হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে বিদেশিদের অপহরণের প্রবণতা আরও বাড়বে।
